ক্রাইস্ট দ্য রিডিমার দর্শনার্থীদের জন্য বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের পর ওই শহরে অবস্থিত বিখ্যাত ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ মূর্তিটি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। ৮০ বছরের ইতিহাসে মূর্তি দর্শন এই প্রথম বন্ধ করে দেওয়া হলো। ভূমিধসের কারণে ক্রাইস্ট দি রিডিমারে যাওয়ার প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এই বৃষ্টিপাত ও ভূিমধসে ব্রাজিলে প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো ২০০ লোক নিখোঁজ রয়েছে। তাঁরা সতর্ক করে দিয়ে বলেছেন, আবারও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, পাহাড়ের পাদদেশে শহরের যে বস্তি এলাকা তা প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিধসে যেসব লোক মারা গেছেন, তাঁদের অধিকাংশ শহরের বস্তি এলাকার। রিও ডি জেনিরোর মেয়র এডুয়ারাডো পেস জানান, অনেক পরিবারকে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বৃষ্টিপাত ও ভূমিধসে চার হাজার পরিবার গৃহহীন হয়েছে এবং ১০ হাজার পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ভূসিধসে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা মেরামতের জন্য প্রায় ১১ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে। ২০০৭ সালে বিশ্বের যে সাতটি স্থাপনাকে সপ্তাশ্চার্যের মর্যাদা দেওয়া হয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার তার মধ্যে একটি। এটি রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কের করকোভাডো পর্বতে অবস্থিত। তিজুকা ন্যাশনাল পার্কের পরিচালক বার্নার্ড ইসা বলেন, তিনি আশা করছেন দুই-এক মাসের মধ্যে এটি পুনরায় খুলে দেওয়া হবে। বিবিসি অনলাইন।