ক্রান্তিকালে দেশে অনুপস্থিত নেতাদের শীর্ষে জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতির ক্রান্তিকালে অনুপস্থিত, অথচ তিনি দেশের কর্ণধার’—সম্প্রতি এমনই কিছু ‘রাষ্ট্রনায়ক’-এর তালিকা প্রকাশ করেছে ওয়াশিংটনের প্রভাবশালী ‘ফরেন পলিসি’ সাময়িকী। এই তালিকার শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।জারদারি দেশের সবচেয়ে ক্রান্তিকালে দেশে ছিলেন না। তাঁর দেশ ৮০ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যাকবলিত, এ খবর জেনেও তিনি ইউরোপ সফর অব্যাহত রাখেন। আর এ কারণে জাতির প্রয়োজনের মুহূর্তে দেশে অনুপস্থিত নেতাদের তালিকায় শীর্ষে স্থান জুটেছে তাঁর।‘ফরেন পলিসি’ সাময়িকী এ ধরনের পাঁচজন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। অন্যরা হলেন: মস্কোর মেয়র ইউরি লুঝকভ, হিপ-হপ শিল্পী থেকে হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে চাওয়া ওয়াইক্লেফজঁ, ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেওয়ার্ড এবং ব্রিটেনের বৃহত্তম শ্রমিক সংগঠন ইউনিটের মহাসচিব টনি উডলে। পত্রিকাটি জানায়, দেশের লাখ লাখ মানুষকে ভয়াবহ বন্যার কবলে এবং শত শত মানুষকে রাজনৈতিক সহিংসতার মধ্যে রেখে জারদারি ইউরোপ সফরে ব্যস্ত ছিলেন। দেশের কোনো দুর্যোগময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়ানোই একজন নেতার জন্য জরুরি কাজ। কিন্তু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যেতে মার্কিন কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেয়ে ইউরোপ সফরই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এ সময় তাঁর হোটেলে থাকা বাবদ প্রতি রাতে ব্যয় হয়েছে ১১ হাজার মার্কিন ডলার। পিটিআই।