ক্রান্তিকালে সোনিয়া নেই
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস এখন এক ক্রান্তিকাল পার করছে। সমাজকর্মী আন্না হাজারের অনশন কর্মসূচিতে তারা এখন বেশ বেকায়দায় রয়েছে। এ সময়ে মনোবল ধরে রাখতে যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, সেই প্রভাবশালী সভানেত্রী সোনিয়া গান্ধী তাদের কাছে নেই। এ মাসের শুরুর দিকে হঠাৎ ঘোষণা দেওয়া হয়, সোনিয়া অসুস্থ এবং যুক্তরাষ্ট্রে তাঁর অস্ত্রোপচার হবে। এরপর থেকে সোনিয়া কোথায় আছেন বা কেমন আছেন—এসব তথ্য বিস্তারিতভাবে জানা যায়নি। আন্না হাজারের গণ-অনশনে সরকার সংকটে পড়লেও সোনিয়া এ পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো মন্তব্য করেননি।বিশ্লেষকদের মতে, এ সংকটময় মুহূর্তে সোনিয়াই পারেন হাল ধরতে। গান্ধীর জীবনী লেখক ও রাজনীতিবিষয়ক লেখক রাশিদ কিদওয়ায়ি বলেন, ‘কংগ্রেস তাঁর (সোনিয়া গান্ধীর) অনুপস্থিতি এখন খুব বেশি অনুভব করছে। তিনি স্বচ্ছন্দে এ সংকট মোকাবিলায় সমর্থ হতেন।’আন্না হাজারের গণ-অনশনের খবর ২৪ ঘণ্টাজুড়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। পত্রিকায়ও তা ফলাও করে ছাপানো হচ্ছে। তবে মৃদুভাষী বলে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ক্ষেত্রে সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে বিশ্লেষকদের মন্তব্য। এএফপি।