ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় চান মালালা

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চান শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তবে ক্রিকেটে ভারতের বিপক্ষে সব সময় পাকিস্তানের জয় চান তিনি।
আজ সোমবার বার্তা সংস্থা এএনআইয়ের খবরে জানানো হয়, ভারতের একটি নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা তাঁর এই মনোভাবের কথা জানান।
মালালা বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক থাকুক, এটা তিনি সব সময় আশা করেন। কিন্তু ক্রিকেটে পাকিস্তান জয়ী হোক, এটা সব সময় চান তিনি।
নিকট ভবিষ্যতে পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করে মালালা বলেন, তিনি তাঁর মাতৃভূমিতে ফিরতে চান। দেশের মানুষের সেবা করতে চান।
মালালা ভারতে যাওয়ারও ইচ্ছা জানিয়েছেন। বিশেষ করে দিল্লি ও মুম্বাইয়ে সেখানকার মেয়েদের অনুপ্রাণিত করতে চান।
মালালা বলেন, ‘ভারতের মানুষ আমাকে অনেক ভালোবাসে, এতে আমি খুব অবাক আর খুশি। ভারতের মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তারা আমার ধর্ম বা দেশ পরোয়া করেনি।’