ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রস্তুতি ইউক্রেনের
ক্রিমিয়া থেকে সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষাপ্রধান গতকাল বুধবার রাতে এ কথা জানান।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি অ্যান্ড্রয়ি পারুবি বলেন, ‘আমরা একটি পরিকল্পনা করছি, যাতে ক্রিমিয়া থেকে আমাদের সেনাসদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে দ্রুত এবং কার্যকরভাবে দেশের মূল ভূখণ্ডে সরিয়ে আনা যায়।’
এর আগে ক্রিমিয়ায় ইউক্রেন নৌবাহিনীর সদর দপ্তর গতকাল দখল করে নেয় রুশপন্থী মিলিশিয়ারা। এ সময় নৌবাহিনীর প্রধানকেও আটক করা হয়।
ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এর প্রতিরক্ষামন্ত্রীকে ক্রিমিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে তাঁকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হবে বলে পাল্টা ঘোষণা দিয়েছেন ক্রিমিয়ার রুশপন্থী নেতারা।
রুশপন্থী মিলিশিয়ারা গতকাল কোনো গোলাগুলি ছাড়াই ইউক্রেনের নৌ সদর দপ্তর দখল করে নেয়। এ সময় সদর দপ্তরের ভেতরে থাকা একজন কর্মকর্তা জানান, অন্তত ২০০ মিলিশিয়া কয়েকটি ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চায়। এ সময় নৌ কর্মকর্তারা ব্যারিকেড তৈরি করে ভেতরে অবস্থান করছিলেন। ঘণ্টা খানেক পর তাঁরা নিজেদের জিনিসপত্র নিয়ে সদর দপ্তর থেকে বেরিয়ে যেতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ওই ভবনে রাশিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র সার্গি বোগদানভ বলেন, ‘আত্মরক্ষার স্বার্থে গুলি ছোড়ার অনুমোদন ছিল কিয়েভ থেকে। কিন্তু আমরা তা করিনি।’ একজন নৌসেনা বলেন, সদর দপ্তর ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
পরে গণমাধ্যমের খবরে বলা হয়, সদর দপ্তর থেকে ইউক্রেনের নৌবাহিনীর প্রধান শেরি হেদাককে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ক্রিমিয়ায় রুশ বাহিনীর প্রতিনিধি ইগর ইয়েশকিনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, হেদাককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সামরিক ঘাঁটিতেও একই ধরনের ঘটনা ঘটেছে।
এদিকে ক্রিমিয়ার এ ঘটনা শোনার পরপরই জরুরি বৈঠকে বসে ইউক্রেনের মন্ত্রিপরিষদ। ‘সংকট সমাধানে’ প্রতিরক্ষামন্ত্রী আইহর টেনইয়ুখকে ক্রিমিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেখানকার রুশপন্থী প্রধানমন্ত্রী সের্গেই আকশাইনভ হুঁশিয়ার করে দিয়ে বলেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বা এমন কোনো কর্মকর্তাকে ক্রিমিয়ায় ঢোকার অনুমতি দেওয়া হবে না।
বৈধতা দিল রুশ আদালত: ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা-সংক্রান্ত চুক্তিকে গতকাল বৈধ বলে সর্বসম্মত রায় দিয়েছেন রাশিয়ার সাংবিধানিক আদালত। রুশ বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স সাংবিধানিক আদালতের চেয়ারম্যান ভ্যালেরি জোরকিনের বরাত দিয়ে জানায়, ‘সাংবিধানিক আদালত এই চুক্তিকে রাশিয়ার সংবিধানসম্মত বলে স্বীকৃতি দিচ্ছে।’
বিশ্লেষকেরা বলছেন, এই রায়ের ফলে ক্রিমিয়াকে সংযুক্ত করা-সংক্রান্ত চুক্তিটি রুশ পার্লামেন্টে উত্থাপনের পথ উন্মুক্ত হলো। এখন পার্লামেন্টের অনুমোদন পেলেই আবার রাশিয়ার সঙ্গে যুক্ত হবে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ।
প্রথম রক্তপাত: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে দেওয়া বক্তৃতায় বলেন, কোনো রক্তপাত ছাড়াই ক্রিমিয়াকে রাশিয়ায় সংযুক্তির প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে। এর কয়েক ঘণ্টা পরই এ সংকটে প্রথমবারের মতো রক্তপাতের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মুখোশধারী কয়েকজন সশস্ত্র ব্যক্তি ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপোলে ইউক্রেনীয় সামরিক স্থাপনায় হামলা চালায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় তাদের একজন সেনা নিহত হন। ক্রিমিয়ার রুশপন্থী পুলিশ দাবি করে, ওই হামলায় একজন মিলিশিয়া সদস্যও নিহত হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।