ক্রিমিয়া প্রশ্নে রুশ পার্লামেন্টে ভাষণ দেবেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন। এ সময় তিনি ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়া উপদ্বীপে সদ্য অনুষ্ঠিত গণভোটের ওপর কথা বলবেন।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগ দেওয়া না-দেওয়া নিয়ে গত রোববার ওই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের মাধ্যমে ক্রিমিয়াবাসী ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়ার রায় দিয়েছে।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রথম ডেপুটি ভাইস স্পিকার ইভান মেলনিকোভ গতকাল মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘কাল (আজ) স্থানীয় সময় বেলা তিনটায় (গ্রিনিচ মান সময় বেলা ১১টায়) ক্রিমিয়া প্রশ্নে প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এএফপি।