ক্রিমিয়া যুক্ত করার বিলে সই করলেন পুতিন

ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার একটি বিলে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গণভোটে ক্রিমিয়ার অধিবাসীরা বিপুল ভোটে রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে রায় দেওয়ার পরদিন এ বিলে সই করলেন তিনি।
বিলে সই করার আগে রুশ প্রেসিডেন্ট ক্রিমিয়া নিয়ে রাশিয়াকে ‘উসকানি না দিতে’ পশ্চিমাদের হুঁশিয়ার করে দেন। এদিকে ক্রিমিয়ার ঘটনার প্রতিক্রিয়ায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গতকাল দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, ক্রিমিয়া সব সময়ই রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। গণভোটের রায়ে তা আরও দৃঢ় হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন গতকাল রুশ পার্লামেন্টের উভয় কক্ষের ওই বিশেষ অধিবেশন বসে।
পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় পুতিন মন্তব্য করেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনের বিষয়ে পাশ্চাত্য যে আচরণ করছে, তা সীমা লঙ্ঘন করে গেছে। তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে চাই না। সেটার প্রয়োজনও নেই। কিন্তু পশ্চিমারা আমাদের কোণঠাসা করার চেষ্টা করছে।’ একপর্যায়ে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়াকে আর কোনো উসকানি না দিতেও পশ্চিমাদের হুঁশিয়ার করে দেন তিনি।
পুতিন বলেন, ক্রিমিয়ার জনগণের মত প্রকাশের অধিকার রয়েছে। তারা ‘ঐতিহাসিক অন্যায়’ মেনে নিতে প্রস্তুত নয়। কারণ, তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়াই তাদের ইচ্ছা। তিনি বলেন, ‘ক্রিমিয়ার বিষয়ে অবস্থানের কারণে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে সাংঘর্ষিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা কি জাতীয় স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত নেব, নাকি চিরকালের জন্য তাদের ছেড়ে দেব।’
ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে পুতিন বলেন, তথাকথিত কর্তৃপক্ষ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিয়েছে। তারা ইউক্রেনে কট্টরপন্থার পথ খুলে দিয়েছে।
পার্লামেন্টে উপস্থিত সবাই পুতিনের বক্তব্যকে স্বাগত জানান। সবাই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান। পরে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় যুক্ত করার পক্ষে একটি বিলে সই করেন প্রেসিডেন্ট পুতিন, ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসাইনভ, ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্তান্তিনভ ও ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপোলের মেয়র অ্যালেক্সি চালি। এখন ক্রিমিয়াকে যুক্ত করার বিষয়টিতে রাশিয়ার পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
জি-৮-এ রাশিয়ার সদস্যপদ স্থগিত: জি-৮ জোটে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসার জন্য ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল বলেন, ইউক্রেন পরিস্থিতি ও ক্রিমিয়ায় মস্কোর হস্তক্ষেপের কথা বিবেচনা করে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
জি-৮ ইতিমধ্যে আগামী জুনে রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় সম্মেলন স্থগিত করেছে। জি-৮-এর অন্য সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি ও জাপান।
‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়বে’: পোল্যান্ড সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বলেছেন, মস্কো অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র ও ইইউর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্রিমিয়ার বিষয়ে রাশিয়ার অবস্থানকে ‘জমি দখল’ বলে আখ্যা দেন তিনি।
সামরিক সহযোগিতা স্থগিত: রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গতকাল এ ঘোষণা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আরও জানান, পাশাপাশি ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে প্রস্তাবিত একটি নৌমহড়ার সিদ্ধান্তও বাতিল করেছে লন্ডন।
মনমোহনকে পুতিনের ফোন: ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে পুতিন গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফোন করেন। ক্রিমিয়ার স্বাধীনতা ঘোষণা, ক্রিমিয়াকে নিজ দেশের সঙ্গে যুক্ত করতে বিলে সই এবং এরপরই রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও জি-৮ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার পর মনমোহনকে ফোন করলেন পুতিন । বিবিসি, এএফপি, রয়টার্স ও আল-জাজিরা।