মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তাঁরা এই বৈঠক করেন।
ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অনেকটা স্নায়ুযুদ্ধকালীন অবস্থায় রূপ নিয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক অবস্থান জোরদার করার ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। তাদের সন্দেহ, ক্রিমিয়ার পর ইউক্রেনে অভিযান চালিয়ে রাশিয়া হয়তো আরও কিছু ভূখণ্ড দখল করে নেওয়ার চেষ্টা করবে।
অবশ্য লাভরভ গত শনিবার এ ধরনের সন্দেহ উড়িয়ে দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইউক্রেনের সীমান্ত অতিক্রম করার কোনো উদ্দেশ্য তাঁর দেশের নেই।
স্বায়ত্তশাসন চায় তাতার সম্প্রদায়: ক্রিমিয়ার সংখ্যালঘু তাতার সম্প্রদায় স্বশাসনের পক্ষে গতকাল ভোট দিয়েছে। তবে তারা রাশিয়ায় অন্তর্ভুক্তির পর নতুন কর্তৃপক্ষের সঙ্গে কীভাবে কাজ করবে, তা এখনো অনিশ্চিত। তাতার মুসলমান নৃগোষ্ঠীর প্রায় তিন লাখ মানুষের ভাগ্য নির্ধারণের জন্য লোকজন কৃষ্ণ সাগর উপদ্বীপে ক্রিমিয়ার বাখচিসারায় শহরে এক জরুরি কংগ্রেসে (কুরুলতাই) সমবেত হয়। তাতার নেতা রেফাত চুবারভ বলেন, প্রত্যেক মানুষের জীবনেই নিজের ভবিষ্যৎ নির্ধারণের সময় আসে।
তাতাররা ক্রিমিয়ার মোট জনসংখ্যার ১২ শতাংশ। তারা ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় অন্তর্ভুক্তির জন্য ১৬ মার্চ তড়িঘড়ি করে আয়োজিত গণভোটের বিরোধী ছিল। এএফপি।