ক্রিমিয়াকে রাশিয়ায় একীভূত করার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সঙ্গে একীভূত করতে ক্রিমিয়ার অনুরোধের বিষয়টি রুশ পার্লামেন্টকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু হলো বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেন ছেড়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে গত রোববার ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। গতকাল গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন। গণভোটের এক দিন পর নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ক্রিমিয়া। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আবেদনও জানায় তারা। গতকালই স্বাধীন রাষ্ট্র হিসেবে ক্রিমিয়াকে স্বীকৃতি দেয় রাশিয়া। এবার রুশ পার্লামেন্টে ক্রিমিয়ার অনুরোধের বিষয়টি অবহিত করার মধ্য দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু করলেন পুতিন।
এদিকে, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ক্রিমিয়ার গণভোট ও স্বাধীনতার ঘোষণাকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে। একই সঙ্গে ক্রিমিয়া প্রশ্নে রাশিয়ার ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকালই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং ইউক্রেনের রুশপন্থী ২১ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হুমকি দেন, ইউক্রেন প্রশ্নে রাশিয়ার পরবর্তী ভূমিকা বিবেচনায় নিয়ে আরও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে। তবে রাশিয়ার দাবি, আন্তর্জাতিক আইনেই সব পদক্ষেপ নিচ্ছে মস্কো।
ক্রিমিয়ার গণভোট অনুযায়ী, ইউক্রেনের কোনো আইন এখন আর ক্রিমিয়ায় প্রযোজ্য হবে না এবং সেখানকার সব রাষ্ট্রীয় সম্পদ স্বাধীন ক্রিমিয়ার বলে বিবেচিত হবে। ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই অ্যাকসিওনভ এক টুইটার বার্তায় বলেন, মার্চের ৩০ তারিখের মধ্যে মস্কোর স্থানীয় সময়ই হবে ক্রিমিয়ার স্থানীয় সময়। ক্রিমিয়ার বর্তমান সময়ের চেয়ে তা দুই ঘণ্টা এগিয়ে থাকবে।