ক্রিমিয়ার পার্লামেন্ট রুশপন্থীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের ক্রিমিয়ার আঞ্চলিক সরকারের পার্লামেন্ট ভবন ও কয়েকটি দপ্তর দখল করেছে রুশপন্থী বন্দুকধারীরা। তারা পার্লামেন্ট ভবনে ক্রিমিয়ার পতাকার পাশাপাশি রুশ পতাকা উত্তোলন করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার ইউক্রেন সীমান্তের কাছে অন্তত দেড় লাখ সেনা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার এক দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে ক্রিমিয়ায় পার্লামেন্ট ভবন দখলের ঘটনা ঘটল।
এদিকে ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেকসান্দার তারচিনভ ক্রিমিয়া অঞ্চলে যেকোনো ধরনের ‘সামরিক আগ্রাসন’ চালানোর বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রুশ নৌঘাঁটি থেকে ‘রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট’-এর সেনাদের বাইরে বেরিয়ে না আসার ব্যাপারেও সতর্ক করেন ওলেকসান্দার। কৃষ্ণ সাগরের রুশ নৌঘাঁটির উদ্দেশে ওলেকসান্দার বলেন, ঘাঁটিটির সামরিক যেকোনো তৎপরতা, অস্ত্রের ঝনঝনানিকে সামরিক আগ্রাসন হিসেবেই দেখবে ইউক্রেন।
ওলেকসান্দার বলেন, ইউক্রেনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলে পরিণাম ভালো হবে না। যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান চালানো হবে মস্কোর জন্য এক গুরুতর ভুল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ক্রিমিয়া উপদ্বীপের সিমফেরোপল এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে অন্তত ৬০ জন যুবক পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। তাঁদের কাছে অনেক অস্ত্র ছিল। স্থানীয় লোকজন বাধা দিতে চাইলে ওই বন্দুকধারীরা ফাঁকা গুলি ছোড়েন। তাঁরা চেঁচিয়ে বলতে থাকেন, কিয়েভ নয়, এখন থেকে নিজেদের সিদ্ধান্ত তাঁরা নিজেরাই নিতে চান। ক্রিমিয়া ইউক্রেনের একমাত্র এলাকা, যেখানে রুশ জাতিগোষ্ঠীর মানুষেরা সংখ্যাগুরু।
এদিকে ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আরসেনি ইয়াতসেনিয়ুককে (৩৯) নির্বাচিত করা হয়েছে। ২৫ মে আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে উৎখাতের আন্দোলনের নেতারা গতকাল রাজধানী কিয়েভের ইনডিপেন্ডেন্স স্কয়ারে জনতার সামনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াতসেনিয়ুককে পরিচয় করিয়ে দেন।
ক্রিমিয়ায় হানা দেওয়া বন্দুকধারীদের পরিচয় জানা যায়নি। তবে পার্লামেন্ট ভবন দখলের বিষয়টি স্থানীয় ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেন। তিনি লিখেন, হামলাকারীদের কাছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও মেশিনগান রয়েছে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
বন্দুকধারীদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে আঞ্চলিক সরকারের প্রধান আনাতোলি মোহিলাইয়ভ জানান, হামলাকারীদের কোনো দাবি নেই। কেন তারা পার্লামেন্ট ভবনের ভেতরে অবস্থান নিয়েছে, সে বিষয়ে পরে জানানোর কথা বলে টেলিফোন রেখে দেয় তারা।
এ ঘটনার পর অন্তত ১০০ পুলিশ পার্লামেন্ট ভবন ঘেরাও করে। তবে পার্লামেন্ট ভবনের সামনে সড়ক প্রায় জনশূন্য ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারীরা রুশ ভাষায় কথা বলে। ধারণা করা হচ্ছে, তারা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী। বিচ্ছিন্নতাবাদীরা চায়, ক্রিমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার অধীনে যাক।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়, গতকাল ভোরে পার্লামেন্ট ভবনে অন্তত ৬০ জন যুবক ঢুকে পড়ে। তাঁদের কাছে অনেক অস্ত্র ছিল। স্থানীয় লোকজন বাধা দিতে চাইলে ওই বন্দুকধারীরা ফাঁকা গুলি ছোড়ে।
এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বরদাশত করা হবে না। গত বুধবার ক্রিমিয়ায় রুশ জাতিগোষ্ঠীর সঙ্গে ইইউপন্থী তাতারদের সংঘর্ষ হয়। সেখানে আরও সংঘাতের আশঙ্কা করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক দিন আগে ইউক্রেন সীমান্তের কাছে অন্তত দেড় লাখ সেনা প্রস্তুত রাখার নির্দেশ দেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।