ক্রিমিয়ার সঙ্গে জ্বালানির ভান্ডারও পেলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া গত মার্চে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মধ্য দিয়ে সেখানকার ভূখণ্ডের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর একটি বিশাল সমুদ্রসীমার ওপর অধিকার লাভ করেছে৷ জ্বালানির ওই বিপুল ভান্ডার হারিয়ে এ খাতে ইউক্রেনের স্বনির্ভরতার আশা প্রায় হারিয়ে যেতে বসেছে৷
কৃষ্ণসাগরের ওই একই সমুদ্রসীমা অঞ্চলের প্রাকৃতিক সম্পদের অংশীদািরভিত্তিক মালিকানা পেতে রাশিয়া দুই বছরের কম সময় আগে চেষ্টা করেছিল৷ কিন্তু ইউক্রেন তখন এ ধরনের সমঝোতায় রাজি হয়নি৷ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের ইউরেশিয়া বিশেষজ্ঞ ক্যারল আর সেইভেৎজ বলেন, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার চাপের মুখে ইউক্রেন আরও বেশি ঝুঁকিতে পড়বে৷
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ অবশ্য বলেছেন, ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সঙ্গে খনিজ সম্পদ দখল করে নেওয়ার ‘কোনো সম্পর্ক নেই’৷ রাশিয়া এসব তেল ও গ্যাসের অধিকার নিয়ে চিন্তিত ছিল না৷ মস্কোর যে বিপুল পরিমাণ সম্পদ আছে, সে তুলনায় ক্রিমিয়ার জ্বালানির ব্যাপারে বাড়তি আকর্ষণ থাকার কথা নয়৷
‘ইউক্রেন যে পথে যাচ্ছে, সেখান থেকে ফেরার উপায় নেই’: ইউক্রেনে নিরাপত্তা বাহিনী ও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ফেরার উপায় নেই—এমন এক পথে এগিয়ে যাচ্ছে ইউক্রেন৷ দেশটিতে সংকট ক্রমে গভীরতর রূপ নিচ্ছে৷
ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের মধ্যে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ ওই বিদ্রোহীরা সংকট নিরসনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতায় সংলাপে রাজি হয়নি৷ তারা আলেক্সান্দর বোরোদাই নামের এক ব্যক্তিকে ‘গণপ্রজাতন্ত্রী দানেৎস্ক’ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গত শনিবার নিয়োগ দিয়েছে৷ নিউইয়র্ক টাইমস ও বিবিসি৷