ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর ক্রিমিয়ার সব সামরিক স্থাপনায় এখন রুশ পতাকা উড়ছে। রাশিয়ার শীর্ষস্থানীয় জেনারেল গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
এদিকে ইউক্রেন-সংকট শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গেছেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরে ইইউ ও ন্যাটোর নেতাদের সঙ্গে আলোচনায় বসেন।
রুশ সেনারা গত মঙ্গলবার ক্রিমিয়ায় ইউক্রেনের পতাকাবাহী সর্বশেষ নৌযানের দখল নেয়। ওই ঘটনার পর রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গিরাসিমভ ঘোষণা দেন, বর্তমানে ক্রিমিয়ার সব সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ তাঁদের হাতে।
জেনারেল গিরাসিমভ জানান, ক্রিমিয়ার ১৯৩টি সামরিক স্থাপনার সব কটিতেই রুশ ফেডারেশনের পতাকা ওড়ানো হয়েছে।
ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে ক্রিমিয়ায় গণভোটের পর ওই এলাকার দখল নেয় রুশ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গত সপ্তাহে রাশিয়া আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়াকে নিজেদের অংশ করার প্রক্রিয়া শেষ করে।
ক্রিমিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউর সঙ্গে রাশিয়ার টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ওবামা গতকাল ব্রাসেলসে ইইউর সদর দপ্তরে যান। ব্রাসেলসে যাওয়ার আগে ওবামা নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পরমাণু নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে অংশ নেন। এ সময় তিনি মন্তব্য করেন, রাশিয়া ‘শক্তির জোরে নয়, নিজেদের দুর্বলতা ঢাকতে’ প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করেছে।
রাশিয়া ইউক্রেনের দিকে আবার হাত বাড়ালে দেশটির বিরুদ্ধে আরও অবরোধ দেওয়া হবে বলে হুমকি দেন ওবামা। এএফপি ও বিবিসি।