ইউক্রেনের স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় মস্কো-সমর্থিত গণভোটের আয়োজনকে অবৈধ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। গতকাল বৃহস্পতিবার পরিষদে অনুমোদন হওয়া এক প্রস্তাবে এই আখ্যা দেওয়া হয়। ওই গণভোটের মাধ্যমে সম্প্রতি ক্রিমিয়ায় দখলদারি প্রতিষ্ঠিত হয় রাশিয়ার।
এক হাজার ৪০০ কোটি থেকে এক হাজার ৮০০ কোটি ডলারের (১৪-১৮ বিলিয়ন) একটি ঋণচুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতৈক্য প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ পরিষদে ওই প্রস্তাব অনুমোদিত হলো। গতকাল মার্কিন কংগ্রেসও ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের (এক বিলিয়ন) ঋণ নিশ্চয়তা সমর্থন করে একটি আইন পাস করে।
সাধারণ পরিষদের ওই প্রস্তাব অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে ১০০টি দেশ। বিপক্ষে ভোট দেয় ১১টি। ভোটদানে বিরত থাকে ৫৮টি দেশ। প্রস্তাবে ক্রিমিয়ায় ১৬ মার্চ অনুষ্ঠিত গণভোটকে অবৈধ বলে আখ্যা দেওয়া হয়। একই সঙ্গে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতার প্রতিও দৃঢ় সংহতি প্রকাশ করা হয় এতে। তবে প্রস্তাবটি মানা বাধ্যতামূলক নয়।
রুশপন্থী সেনারা সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর পর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার সাম্প্রতিকতম এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের দিকে হাত আরও বাড়ালে গত বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কোর বিরুদ্ধে ‘অধিকতর জোরালো’ নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন। বিবিসি ও এএফপি।