ক্রিমিয়া থেকে সব সেনা প্রত্যাহারের নির্দেশ প্রেসিডেন্টের
ক্রিমিয়ায় ইউক্রেনের আরেক ঘাঁটি রুশ সেনাদের দখলে
রাশিয়ার সেনারা গতকাল সোমবার ক্রিমিয়ায় ইউক্রেনের আরেকটি সামরিক ঘাঁটি দখল করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে ক্রিমিয়ায় এটি এ ধরনের তৃতীয় আক্রমণ। এ অবস্থায় ক্রিমিয়া থেকে ইউক্রেনের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট।
ক্রিমিয়ার ফেদোসিয়ায় অবস্থিত ইউক্রেনের ওই নৌঘাঁটি গতকাল দখলে নেওয়ার সময় চেতনানাশক বোমা ছোড়া হয়। পরে ঘাঁটির মেরিন সেনাদের হাত বেঁধে ফেলা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রিমিয়াবিষয়ক মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ ফেসবুকে এক বার্তায় বলেন, ক্রিমিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা ফেদোসিয়ার ওই নৌঘাঁটিতে গতকাল ভোরে অভিযান চালায় রুশ বাহিনী। অভিযানে সাঁজোয়াযান ও চেতনানাশক বোমা ব্যবহার করা হয়। রাশিয়ার ছত্রীসেনারাও একপর্যায়ে হেলিকপ্টার থেকে ওই ঘাঁটিতে অবতরণ করেন।
মুখপাত্র সেলেজনিয়ভ জানান, ওই ঘাঁটি থেকে তিনটি রুশ যান বেরিয়ে যেতে দেখা গেছে। সেগুলোতে ইউক্রেনের সেনাদের হাত বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হয়।
ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেকসান্দার তারচিনভ জানান, তিনি ক্রিমিয়া থেকে ইউক্রেনের সব সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। রুশপন্থীরা ক্রিমিয়ায় আগ্রাসী হয়ে ওঠায় নিরাপত্তার খাতিরে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রুশ অভিজাত বাহিনীর সদস্যরা গত শনিবার ক্রিমিয়ায় ইউক্রেনের বেলবেক বিমানঘাঁটি দখল করে। এর আগেই তারা আরও কয়েকটি ঘাঁটির পাশাপাশি ইউক্রেনের কয়েকটি যুদ্ধজাহাজের নিয়ন্ত্রণ নেয়। রুশ সেনারা গতকাল যে নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে, সেটি ছিল ইউক্রেনের একমাত্র মেরিন ব্যাটালিয়ন।
ক্রিমিয়ায় ১৬ মার্চ গণভোটের পর এলাকাটিকে নিজেদের অংশ করে নেয় রাশিয়া। এএফপি ও বিবিসি।