ক্রিমিয়ায় ইউক্রেনের নৌঘাঁটি রুশপন্থীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়াল ভেঙে সদর দপ্তরে ঢুকে পড়েন রুশপন্থীরা- ছবি রয়টার্স
দেয়াল ভেঙে সদর দপ্তরে ঢুকে পড়েন রুশপন্থীরা- ছবি রয়টার্স

ক্রিমিয়া উপদ্বীপের সিভাস্তোপল শহরে গড়ে তোলা ইউক্রেনের নৌ সদর দপ্তর দখল করে নিয়েছেন রুশপন্থী আন্দোলনকর্মীরা। ওই নৌ সদর দপ্তরের অনেক কর্মকর্তা সেখান থেকে চলে গেছেন। সেখানে রাশিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ইউক্রেন নৌবাহিনীর প্রধান সেরহি হেইদুককে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

আজ বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে একীভূত করার বিষয়ে উপদ্বীপটির নেতাদের সঙ্গে মস্কোর চুক্তি স্বাক্ষরের পরদিনই এ ঘটনা ঘটল।

 খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার বন্দর শহর সিভাস্তোপলে চলে এসেছে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর। রুশপন্থী সেনারা গোলাগুলি ছাড়াই সেখানকার ইউক্রেনীয় নৌঘাঁটি দৃশ্যত দখল করে নেন। 

নৌঘাঁটির ভেতরে থাকা একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, প্রায় ২০০ রুশপন্থী আন্দোলনকর্মী মূল ফটক ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা আলোচনার জন্য সরাসরি ভবনে ঢুকে পড়েন। 

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র সেরগেই বোগদানোভ বলেছেন, কর্মকর্তারা আত্মরক্ষার্থে নিরাপদ অবস্থানে চলে যান। সরকারের পক্ষ থেকে আন্দোলনকর্মীদের ওপর বলপ্রয়োগের হুকুম থাকলেও তাঁরা তা করেননি।

এর পরই সদর দপ্তর থেকে বেশ কয়েকজন ইউক্রেনীয় কর্মকর্তাকে নিজ নিজ মালপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় এবং ভবনের ওপর রাশিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়।

এএফপি বলেছে, ভবন ত্যাগ করার সময় কয়েকজন কর্মকর্তাকে কাঁদতে দেখা গেছে।  এদিকে, রাশিয়ার কয়েকজন কর্মকর্তা বলেছেন, দখল করে নেওয়া সদর দপ্তর থেকে ইউক্রেনের নৌপ্রধান সেরহি হেইদুককে আটক করে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) লোকজন। রুশ বাহিনীর প্রতিনিধি ইগোর ইয়েসকিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটে রায় দেয় ক্রিমিয়ার জনগণ। এরপর পুতিন ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। পরে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় যুক্ত করার পক্ষে একটি বিলে সই করেন পুতিন। এখন ক্রিমিয়াকে যুক্ত করার বিষয়টিতে রাশিয়ার পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

রাশিয়ার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে তারা।