ক্রিমিয়ায় গণভোট শুরু

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের স্বায়ত্তশাসিত ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কি না, সেই প্রশ্নে আজ রোববার সেখানে গণভোট শুরু হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গণভোটের ফলাফল রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যুক্ত হওয়ার পক্ষে আসার সম্ভাবনাই বেশি।
রাশিয়া-সমর্থিত ক্রিমিয়ার এই গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে পশ্চিমা ও ইউক্রেন সরকার। ক্রিমিয়া-সংকটের ব্যাপারে অবস্থান না পাল্টালে মস্কোর ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই পোল্যান্ড ও লিথুয়ানিয়া সফরে যাচ্ছেন।
ক্রিমিয়ায় গণভোটের নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে তাদের প্রস্তাব ১৩টি ভোট পেয়েছে। রাশিয়া ভেটো দিয়েছে। রাশিয়ার ভূরাজনৈতিক মিত্র চীন ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।
ক্রিমিয়ায় গণভোট বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা শুক্রবার শেষ মুহূর্তে ব্যর্থ হয়। রাশিয়া ওই গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
গণভোটের আগে ক্রিমিয়ার ব্যাপারে রাশিয়া কোনো সিদ্ধান্ত জানাতে রাজি হয়নি। গণভোটে কৃষ্ণসাগর উপদ্বীপের সংখ্যাগুরু রুশভাষীরা মস্কোর সঙ্গে যুক্ত হওয়ার পক্ষেই ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুসলিম তাতার সংখ্যালঘুরা ভিন্ন মত প্রকাশ করতে পারেন। ক্রিমিয়া উপদ্বীপের ২০ লাখ মানুষের অধিকাংশই রুশভাষী।
ক্রিমিয়া দখলের পর রুশ বাহিনী সেখানে সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে।