ক্রিমিয়ায় শক্তি বাড়িয়েই চলেছে রাশিয়া

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে ইউক্রেন অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে রাশিয়া। এদিকে ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন জি-সেভেন (গ্রুপ অব সেভেন)।
রাশিয়ার তত্পরতা
বিবিসির খবরে বলা হয়, ক্রিমিয়া উপদ্বীপে এরই মধ্যে কয়েক হাজার সৈন্যের সমাবেশ ঘটানো হয়েছে। তা সত্ত্বেও সেখানে আরও হাজার সৈন্য, সাঁজোয়া যান এবং উপদ্বীপটি ঘিরে জাহাজের উপস্থিতি ক্রমশ বাড়ছে। ক্রিমিয়ায় ইউক্রেনের বড় দুটি সামরিক ঘাঁটি ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দখল নিয়েছেন রুশ সেনারা।
ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জানান, সমুদ্রের যে চ্যানেলটি রাশিয়া ও ক্রিমিয়াকে আলাদা করেছে, তার আশপাশে সাঁজোয়া যান জড়ো করছে রাশিয়া। এ ছাড়া ক্রিমিয়া থেকে রাশিয়ায় ফেরি চলাচলকারী টার্মিনালের দখল নিয়েছেন রাশিয়ার সেনারা। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি সেভাস্তোপোলের আশপাশে সে দেশের জাহাজের আনাগোনাও বেড়েছে। ওই অঞ্চলের মুঠোফোনের সার্ভিসও কার্যত অচল করে রাখা হচ্ছে।
ইউক্রেন সরকারের প্রস্তুতি
আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকটের সমাধান করতে আগ্রহী ইউক্রেনের নবগঠিত সরকার। তবে ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে যে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দেশটির সামরিক বাহিনীকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। এ ছাড়া রাশিয়ার সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চাপ বাড়ানোর জন্য আবারও আবেদন করেছে দেশটির নবগঠিত সরকার।
জি-সেভেনের বিবৃতি
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে গতকাল বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান) সংগঠন জি-সেভেন। বিবৃতিতে বলা হয়, এ আগ্রাসনের মধ্য দিয়ে ইউক্রেনের ভৌগোলিক একাগ্রতা ও সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে রাশিয়া। এর প্রতিবাদে আগামী জুনে রাশিয়ার সোচিতে অনুষ্ঠেয় জি-এইটের সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি ঋণের দেনা কাটিয়ে উঠতে ইউক্রেনকে জোরালো আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে।
পশ্চিমা তত্পরতা
ইউক্রেনের সংকট মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক তত্পরতা জারি রয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল আজ দেশটির রাজধানী কিয়েভে যাবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে ইউক্রেন বিষয়ে একটি জরুরি বৈঠক করবেন।
সুইজারল্যান্ডের জেনেভায় আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভের সঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাক্ষাত্ করার কথা। এ ছাড়া জাতিসংঘ গতকাল জানায়, সংস্থাটির উপমহাসচিব জ্যান এলিয়াসন ইউক্রেনে গেছেন।
আগামীকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইউক্রেনের নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যে কিয়েভে পৌঁছেছেন। আজ যুক্তরাজ্যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এ প্রসঙ্গে আলোচনায় সভাপতিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।