ক্রেনের সঙ্গে ধাক্কা কপ্টার বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে একটি বহুতল ভবনের ওপরে থাকা ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। টেমস নদীর দক্ষিণে অভিজাত ভক্সহল এলাকায় গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেছেন, সকালে প্রচণ্ড কুয়াশার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাজে নিয়োজিত ক্রেনের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে হেলিকপ্টারটির পাইলটসহ দুজন নিহত হন। আহত হন নয়জন। আহত লোকজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। হেলিকপ্টারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লন্ডন থেকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে নির্মাণশ্রমিকেরাও ছিলেন। তবে তাঁদের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাস্থলে থাকা একটি ভবনের নির্মাতা রেজার্ট বলেন, ‘আমি ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখছি, হেলিকপ্টারটি দ্রুতগতিতে ক্রেনটির দিকে ছুটে এসে ধাক্কা খেল। তারপর চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়, পরে আগুন ধরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’ সিএনএন।