ক্লদ মনের ছবি গ্যালারিতে দান করলেন ধনাঢ্য নারী
ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পী ক্লদ মনের আঁকা ওয়াটারলিলি সিরিজের একটি চিত্রকর্ম ৮৬ বছর পর প্রথম জনসমক্ষে প্রদর্শিত হতে যাচ্ছে। আর এটি সম্ভব হচ্ছে চিত্রকর্মটির মালিক প্রয়াত উগেত ক্লার্কের বদান্যতায়। প্রায় দুই কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের চিত্রকর্মটি উগেত ক্লার্ক যুক্তরাষ্ট্রের কোরকোরান গ্যালারিকে দান করে গিয়েছেন।বহু সম্পদের মালিক নিভৃতচারী উগেত ক্লার্ক গত মে মাসে ১০৪ বছর বয়সে মারা গেছেন। তিনি মার্কিন সিনেটর ও ধনকুবের উইলিয়াম এ ক্লার্কের মেয়ে। উইলিয়াম ক্লার্ক যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এককভাবে সবচেয়ে বেশি জমির মালিক ছিলেন। তিনি একজন ভালো শিল্প সমঝদার হিসেবে পরিচিত ছিলেন। উইলিয়াম ক্লার্ক অনেক শিল্পকর্ম কোরকোরানকে দান করে দেওয়ায় তাঁর নামে সেখানে একটি গ্যালারি করা হয়।উইলিয়াম ক্লার্কের একমাত্র উত্তরাধিকারী উগেত তাঁর পাওয়া ৪০ কোটি মার্কিন ডলার দামের সম্পদের বেশির ভাগ শিল্পের উন্নয়নে দান করে দিয়েছেন। ক্লদ মনের জলপদ্মের ওই চিত্রকর্মটি আঁকার বছর ১৯২৫ সালেই তাঁর পিতা উইলিয়ামের মৃত্যু হয়। উগেতের উইল অনুযায়ী শিল্পের বিকাশে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে। আর তাঁর ক্যালিফোর্নিয়ার বাড়িতে সংগৃহীত শিল্পসামগ্রী নিয়ে একটি জাদুঘর তৈরি করা হবে।শিল্পী ক্লদ মনে তাঁর জলপদ্ম পর্বে প্রায় ২৫০টি তেলচিত্র এঁকেছিলেন। গত বছর নিউইয়র্কে নিলামে তাঁর ওয়াটারলিলির একটি চিত্রকর্ম দুই কোটি ৪৭ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। উগেত ক্লার্ক নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার বাড়ির বদলে জীবনের শেষ সময়ে হাসপাতালে থাকাটা শ্রেয় হিসেবে বেছে নেন। কিছু সম্পদ তিনি তাঁর সেবিকা ও ঘনিষ্ঠ সহযোগীদের দান করে গেছেন। বহু সম্পদ থাকলেও তিনি খুব নিভৃত ও সহজসরল জীবনযাপন করতেন। উগেতের কোনো সন্তান ছিল না। বিবিসি।