ক্লাস নিতে গিয়ে মা!

সন্তান প্রসব হওয়ার কথা আরও এক সপ্তাহ পর। তাই সবকিছু ঠিকঠাক আছে ভেবে কর্মস্থলে এসেছিলেন তিনি। সকালে এক বৈঠকে অংশ নেওয়ার পর অসুস্থবোধ করলে স্বামীর মোবাইলে এসএমএস পাঠান। কিন্তু স্বামী এসে পৌঁছার আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়।
এভাবেই মা হয়েছেন ইংল্যান্ডের এসেক্সের ম্যানফোর্ড প্রাইমারি স্কুলের শিক্ষক ডায়ান ক্রিশ-ভিরামানি (৩০)।
ক্রিশ বলেন, সন্তান প্রসবের সময় তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন তিন সহকর্মী। একজন তাঁর স্বামীকে ফোন করেন, দ্বিতীয়জন ফোন করেন হাসপাতালে এবং তৃতীয়জন অ্যাম্বুলেন্স ডাকেন। ক্রিশ বলেন, ‘তাঁরা প্রত্যেকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আর ভাগ্য ভালো যে সন্তান প্রসবের আগ মুহূর্তে আমার স্বামী বিজয় ভিরামানি চলে আসেন।’
অ্যাম্বুলেন্স ডাকা থেকে পুরো ঘটনাটি ঘটে মাত্র ২০ মিনিটে। এটি ক্রিশের দ্বিতীয় সন্তান। সন্তান প্রসবের পর অবশ্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিবিসি।