ক্লাস ফাঁকির শ্রেষ্ঠ সুপারিশপত্র!
ক্লাস ফাঁকি দিয়ে প্রেসিডেন্ট ওবামাকে দেখতে গিয়েছিল স্কুলছাত্র টাইলার সুলিভান (১১)। কিন্তু স্কুলে গিয়ে কী কৈফিয়ত দেবে, তা নিয়ে ভাবতে হয়নি তাকে। তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এমন একজন সুপারিশ করেছেন, যা দেখলে শ্রেণীশিক্ষক বিস্মিত না হয়ে পারবেন না। তিনি আর কেউই নন, খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।ঘটনাটি গত শুক্রবারের। এদিন প্রেসিডেন্ট ওবামা মিনেসোটা অঙ্গরাজ্যের গোল্ডেন ভ্যালির একটি কারখানা পরিদর্শনে যান। প্রেসিডেন্টকে দেখতে ক্লাস ফাঁকি দিয়ে সেখানে গিয়ে হাজির টাইলার। সৌভাগ্যক্রমে সে সামনের সারিতে বসার সুযোগ পায়। এ সময় সে ‘হাই, মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করতেই ওবামা বলেন, ‘তুমি নিশ্চয়ই ক্লাস ফাঁকি দিয়ে এসেছ। তুমি কি চাও, শ্রেণীশিক্ষকের কাছে একটি নোট লিখে দিই?’স্থানীয় একটি টেলিভিশনকে টাইলার জানায়, এরপর ওবামা তাঁর অফিসের নোটপ্যাড বের করেন ও টাইলারের শ্রেণীশিক্ষকের নাম জানতে চান। নোটে তিনি লেখেন, ‘মিস্টার অ্যাকারম্যান...দয়া করে টাইলারকে ক্ষমা করবেন, সে আমার সঙ্গেই ছিল।’ এরপর নোটে স্বাক্ষর দেন ওবামা।