ক্লিক করলেই আফগানিস্তানের ভালো খবর
আবদুল্লাহ কাজি এখন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আফগানিস্তান তাঁর জন্মভূমি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সংবাদমাধ্যমগুলোতে নিজের জন্মভূমি সম্পর্কে শুধুই নেতিবাচক সংবাদ দেখে দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন কাজি। সেখান থেকে উঠে আসতে আর জন্মভূমির প্রতি টান থেকেই কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। তৈরি করেন ‘গুড আফগান নিউজ’ নামের ওয়েবসাইট। আফগানিস্তান সম্পর্কে ভালো খবরগুলো প্রচার করার উদ্দেশ্য নিয়েই ওয়েবসাইটটি চালু করেন তিনি।কাজি দেখতে পান, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবান শাসকদের উত্খাত করার পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর দেশ সম্পর্কে নেতিবাচক খবরই বেশি প্রাধান্য পাচ্ছে। সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধ, সেনামৃত্যু, আত্মঘাতী হামলা, মাদক পাচার, অপহরণ, স্কুলছাত্রীদের ওপর এসিড নিক্ষেপ-সংক্রান্ত খবরই বেশি। তাই ভালো খবরের ঘাটতি পূরণ করার জন্য গুডআফগাননিউজ ডটকম নামের ওয়েবসাইটটিকে কাজে লাগান।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ই-মেইলে এএফপিকে কাজি বলেন, আফগানিস্তান সম্পর্কে ভালো খবরের চেয়ে খারাপ খবরই বেশি ছাপা হয়।কাজির এ পর্যবেক্ষণ একেবারে ভুল নয়। ২০০১ সালের পর থেকে আফগানিস্তানে বিপুল পরিমাণ আন্তর্জাতিক সহায়তা দেওয়া হচ্ছে। এসব সহায়তার অর্থ দিয়ে সেখানে নতুন রাস্তাঘাট, বিদ্যালয়, ক্লিনিক, বিদ্যুেকন্দ্র, সেচব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। দেশের কয়েক লাখ শিশু, বিশেষ করে মেয়েশিশুরা এখন স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে।পোলিওর মতো বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যাপক ভিত্তিতে প্রতিষেধক খাওয়ানোর কর্মসূচি চালু করা হয়েছে। দেশজুড়ে কয়েক হাজার ক্লিনিক স্থাপন করা হয়েছে। ব্যাপক দুর্নীতি ও কারচুপির অভিযোগ সত্ত্বেও আফগানরা এখন ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, আফগানিস্তানে সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের এক লাখ ২১ হাজার সেনা মোতায়েন করা রয়েছে। কয়েক মাসের মধ্যেই এ সংখ্যা বেড়ে দেড় লাখে পৌঁছবে। বিদেশি সেনারা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি আফগান সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে, যাতে দেড় বছরের মধ্যে সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ শুরু করা সম্ভব হয়।সম্প্রতি তালেবান জঙ্গি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। অপারেশন মুশতারাক নামের ওই অভিযানে স্থানীয় কয়েক হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। পাশাপাশি ন্যাটোর হামলায় প্রায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছে। সব মিলিয়ে বিদেশি সেনাদের প্রতি সাধারণ আফগানদের মনে ক্ষোভ বাড়ছে।এসব কারণে দেশটির অনেক ভালো খবরই চোখ এড়িয়ে যাচ্ছে বিশ্ববাসীর। এগুলোর মধ্যে রয়েছে আপেল রপ্তানি বা টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আফগানিস্তানের অংশগ্রহণের যোগ্যতা অর্জনের খবর। আর এসব ভালো খবর জানাতেই কাজি নিয়ে এসেছেন ডব্লিউডব্লিউডব্লিউ গুডআফগাননিউজ ডটকম।কাজি বললেন, ‘এই ওয়েবসাইটটি ভিন্ন। কারণ আমরা এখানে শুধু ভালো খবরগুলোই দিই। খারাপ খবরগুলো দিই না।’ ওয়েবসাইটে সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাফ গেমসে আফগানিস্তানের সাফল্যের খবর আছে। আরেকটি খবরে বলা হয়েছে, বেশির ভাগ আফগান এখন বিদ্যুত্সুবিধার আওতায় এসেছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মেয়েশিশুদের বিদ্যালয়ে যাওয়া নিয়েও বড় প্রতিবেদন রয়েছে কাজির ওয়েবসাইটে।‘আফগান নিউজ দ্যাট উইল মেক ইউ হ্যাপি’ (আফগানিস্তানের এসব খবর আপনাকে খুশি করবে) স্লোগান-সংবলিত কাজির ওয়েবসাইটটি এরই মধ্যে অনেকের নজরে এসেছে। এ ব্যাপারে কাজি বলেন, ‘প্রতিদিনই কয়েক হাজার মানুষ ওয়েবসাইটটি দেখছে। যাদেরই আমি ওয়েবসাইটটি সম্পর্কে বলেছি, তারা সবাই আমাকে উত্সাহ দিয়েছে এটি চালিয়ে যাওয়ার জন্য।’ এএফপি।