ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ৪৯০ কোটি ডলারের বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অবকাঠামো পুনর্গঠনে গতকাল শুক্রবার ৪৯০ কোটি ডলারের বিশেষ বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিপরিষদ। ২৮ এপ্রিল এই বাজেট পার্লামেন্টে তোলার পরিকল্পনা রয়েছে।তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশ থেকে সরিয়ে নেওয়া লোকজনের একটি বড় অংশ কোরিয়ামা আশ্রয়কেন্দ্রে রয়েছে। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) প্রধান মাসাতাকা সিমিজু গতকাল ওই কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া লোকজনের তোপের মুখে পড়েন।জাপানে গত ১১ মার্চ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর মন্ত্রিপরিষদে গতকালই প্রথম কোনো বিশেষ বাজেট অনুমোদন পেল। ভূমিকম্প ও সুনামিতে ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে বিপর্যয় ঘটে।প্রধানমন্ত্রী নাওতো কানের মন্ত্রিসভা আশা করছে, ৪৯০ কোটি ডলারের এই বাজেট পার্লামেন্টে পাস করতে বিরোধী দলও সমর্থন দেবে। বর্তমানে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ বিরোধী দলের নিয়ন্ত্রণে রয়েছে। ২ মে বাজেট অনুমোদনের লক্ষ্য নিয়ে ২৮ এপ্রিল তা পার্লামেন্টে উত্থাপন করা হবে।বাজেটের একটি অংশ ধংসস্তূপ সরিয়ে ফেলা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সাময়িকভাবে বাসস্থান নির্মাণ করার কাজে ব্যয় হবে। বাজেটের বড় অংশটি ব্যয় করা হবে রাস্তাঘাট, বন্দর ও খামার সংস্কারের কাজে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজকল্যাণমূলক বিভিন্ন স্থাপনা নির্মাণ, স্থানীয় সরকারকে সহায়তা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে সহায়তা করা হবে এই বাজেটের অর্থ দিয়ে।মন্ত্রিপরিষদের বৈঠক শেষে জাপানের অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও অর্থনীতিতে গতি আনার লক্ষ্যে বিশেষ এই বাজেটের উদ্যোগ নেওয়া হয়েছে।টেপকোর প্রধান মাসাতাকা সিমিজু গতকাল কোরিয়ামা আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যান। স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক আশাহি প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বয়স্ক একজন ক্ষুব্ধ নারী টেপকোর প্রধান মিসিজুকে বলেন, টেপকো সব সময় বলে আসছে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন সবকিছু ঠিক থাকার কী অবস্থা। আরেকজন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আনুন।’ টেপকোর প্রধান মিসিজু ও কর্মকর্তা এমন তোপের মুখে পড়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। মিসিজু বলেন, ‘ফুকুশিমার তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকার জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও চলছে।’ এএফপি, বিবিসি, রয়টার্স।