অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে দেশটির দর্শনীয় একটি উপকূলীয় অঞ্চল পুড়ে গেছে। এলাকাটি এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো রূপ নিয়েছে। গতকাল শনিবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন।গত মঙ্গলবার ও বুধবার দেশটির পশ্চিম উপকূলীয় শহর পার্থের ২৮০ কিলোমিটার দক্ষিণে তিন হাজার ৩৬৩ হেক্টর এলাকাজুড়ে এ দাবানলের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ গতকাল সতর্কতা সংকেত কিছুটা শিথিল করেছে। দাবানলে এ পর্যন্ত ৩০টি বাড়ি, চারটি চালাঘর ও নয়টি কুঁড়েঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৬টি বাড়ি ও একটি দোকান। আগুনে একটি ঐতিহাসিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িটিতে দেশটির প্রাচীন আসবাবপত্র সংরক্ষিত ছিল। বাড়িটির মালিক মাইকেল চেনি দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি দেখতে এখন ধর্মীয় আশ্রমের ধ্বংসযজ্ঞের মতো।’ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় পরিবেশ ও সংরক্ষণ বিভাগের দাবানলবিষয়ক উপদেষ্টা বলেন, রাতে যদিও সতর্কতা শিথিল করা হয়েছে, এর পরও এখনো হুমকি রয়ে গেছে। যেকোনো সময় পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে।গ্যারাথ স্টুয়ার্ট নামের স্থানীয় এক বাসিন্দার বাড়ি দাবানলে পুরোটাই পুড়ে গেছে। তিনি বলেন, আগুনে তাঁদের বাড়ির সামনের রাস্তারও মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘কিছু এলাকায় কোনো সবজির খেতের চিহ্নমাত্র নেই। সেখানে শুধু বালু আর পোড়া গাছ।’ একজন দমকলকর্মী বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকাটি যেন এক রণক্ষেত্র। কোনো কিছুরই এর সঙ্গে তুলনা হয় না।’আগুন নিয়ন্ত্রণে ২০০ দমকলকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। তাঁরা নিরন্তর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ ‘ব্ল্যাক সাটারডে’ দাবানলে ১৭৩ জনের প্রাণহানি ঘটে। আধুনিক অস্ট্রেলিয়ায় এটি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত। এএফপি।