ক্ষতিগ্রস্তদের আরও ৬০ লাখ পাউন্ড দেবে প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার লন্ডনে নামীদামি ব্র্যান্ডের দোকানের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা। ছবি: কামাল আহমেদ
রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার লন্ডনে নামীদামি ব্র্যান্ডের দোকানের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা। ছবি: কামাল আহমেদ

সাভারের রানা প্লাজা ধসে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারকে আরও ৬০ লাখ পাউন্ড (৭৮ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪২৫ টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক।
এর আগে প্রতিষ্ঠানটি রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ৯০ লাখ পাউন্ড (১১৭ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৬৩ টাকা) অর্থ সহায়তা দেয়।
ব্রিটিশ উন্নয়ন সহায়তা দপ্তরের প্রতিমন্ত্রী অ্যালান ডানকান এক বিবৃতিতে প্রাইমার্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
এদিকে, রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যে নানা কর্মসূচি পালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে নামীদামি ব্র্যান্ডের দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন।
স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে যুক্তরাজ্যের বৃহত্তম ট্রেড ইউনিয়ন ‘ইউনিসন’র সদস্যরা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ ও ক্ষতিপূরণের দাবিতে আজ বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ছবি : কামাল আহমেদ
রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ ও ক্ষতিপূরণের দাবিতে আজ বৃহস্পতিবার লন্ডনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ছবি : কামাল আহমেদ

ট্রেড ইউনিয়ন কনফারেন্সের (টিইউসি) সদস্যরা লন্ডনের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। রানা প্লাজার হতাহতদের জন্য বাড়তি সহায়তার দাবিতে ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন দপ্তর ডিএফআইডির কাছে চিঠি দিয়েছে ‘টিইউসি’।
এ ছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা ও বেঁচে থাকার মতো মজুরির বিষয়ে প্রচারের অংশ হিসেবে মানবাধিকার সংগঠন, ফ্যাশন তারকা, রাজনীতিবিদ, শিক্ষার্থী ও ভোক্তাদের অংশগ্রহণে পালিত হচ্ছে ‘ফ্যাশন বিপ্লব দিবস’।
ফ্যাশন বিপ্লব দিবসের অংশ হিসেবে বিকেল থেকে লন্ডনের প্রধান শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রিটে কাপড় উল্টো করে পরার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় সেখানে মানববন্ধন ছাড়াও উন্মুক্ত ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ব্রিকলেনে বাংলাদেশি বংশোদ্ভূত কয়েক জন উদ্যোক্তার আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশটির হাউস অব লর্ডসের সদস্য মঞ্জিলা পলা উদ্দিনের অংশ নেওয়ার কথা রয়েছে।