ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মতপার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ নিয়ে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে দোহা সম্মেলনে। কাতারের দোহায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন একেবারে শেষের দিকে গড়ালেও বৈশ্বিক উষ্ণতার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি এখনো।পরিবেশবিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, বিশ্ব ভয়াবহ এক উষ্ণতার দিকে এগোচ্ছে। এ অবস্থায় বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমিয়ে আনার ব্যাপারে একটি প্যাকেজ পরিকল্পনা আজ শুক্রবারের মধ্যে গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা গরিব দেশগুলো এ জন্য আরও বেশি আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছে। তবে গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র ২০১৩-২০২০ সময়কালের নতুন জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।কিছু দেশ অল্পস্বল্প প্রতিশ্রুতি দিলেও ইইউ বলেছে, ইইউ ব্লকভুক্ত দেশগুলোর চলতি অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্র বলেছে, তারা আগের প্রতিশ্রুতি মোতাবেক সবই করছে।দোহা সম্মেলনের উদ্দেশ্য ছিল কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানো। চলতি ডিসেম্বরের ৩১ তারিখে মেয়াদ শেষ হতে যাওয়া এই প্রটোকলই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়ে বিশ্বের একমাত্র বাধ্যতামূলক চুক্তি। এর আওতায় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো নিঃসরণ কমাতে ব্যবস্থা নিতে বাধ্য। তবে যুক্তরাষ্ট্র এবার সেটা অনুমোদন করতে অস্বীকৃতি জানাচ্ছে।দোহা সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু তহবিলে উন্নত দেশগুলোর অর্থ দেওয়ার পরিমাণ বাড়িয়ে ২০২০ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিতে বলা হচ্ছে। ২০১০-১২ মেয়াদকালে এই পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলার। উন্নয়নশীল দেশগুলো বলছে, এখন থেকে আগামী ২০১৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে তারা বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঝড়সহ যেসব দুর্যোগের শিকার হবে, তা মোকাবিলায় কম করে হলেও আরও ৬০ বিলিয়ন ডলারের দরকার হবে। তবে সম্মেলনে ইইউ প্রতিনিধি পেটি বেটস বুধবার বলেন, ‘ইউরোপে এখন অর্থনীতির জন্য কঠিন সময় চলছে। অন্যান্য উন্নত দেশের মতো আমরাও ২০১৫ সালের ওই লক্ষ্যমাত্রার বিষয়ে এই সম্মেলনে কোনো স্বীকৃতি দিতে যাচ্ছি না।’অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জনাথন পারশিং বলেন, ‘ওয়াশিংটন তা-ই করছে, যা করতে আমরা সম্মত হয়েছিলাম।’ তবে সেখানে ২০২০ সাল পর্যন্ত অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত নেই।জাতিসংঘের মহাসচিব বান কি মুন মঙ্গলবার বৈশ্বিক উষ্ণতার ‘সংকট’ মোকাবিলায় সবাইকে ভেদাভেদ ভুলে কাজ করতে সম্মেলনে অংশগ্রহণকারী সবার প্রতি আহ্বান জানান। এরপর বুধবার সম্মেলনের আলোচকেরা এই মতপার্থক্য দূর করার প্রচেষ্টার অংশ হিসেবে ধনী ও দরিদ্র দেশের পক্ষে সুইজারল্যান্ড ও মালদ্বীপের দুজন মন্ত্রীকে প্রতিনিধি নির্বাচিত করেন।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আরব বিশ্ব: বিশ্বব্যাংকবিশ্বব্যাংক গত বুধবার সতর্ক করে দিয়ে বলেছে, বৈষ্ণিক উষ্ণতার কারণে ভবিষ্যতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। দোহা সম্মেলনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যে ধারা চলছে, তাতে ২০৫০ সালের মধ্যে আরব দেশগুলোর গড় তাপমাত্রা বাড়বে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রার ক্ষেত্রে এর হার হবে দ্বিগুণ। এএফপি ও বিবিসি।