ক্ষতিপূরণ না পেলে ফ্রেইট করিডর নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা
ভারতীয় রেলের ইস্টার্ন ফ্রেইট করিডর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন সিঙ্গুরের কৃষকেরা। তাঁরা পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন হিসেবে প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় এই প্রকল্প নির্মাণের জন্য জমি না দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
সমস্যা সমাধানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার হুগলি জেলার সিঙ্গুরের বিডিও অফিসে প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও জমির মালিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে কোনো সমাধান হয়নি। কৃষকেরা তাঁদের দাবিতে অনড় থাকেন। যদিও এই ডানকুনি-লুধিয়ানা ফ্রেইট করিডর নির্মাণের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সাতটি মৌজায় ভারতের রেল বোর্ড জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে।
কিন্তু ওই এলাকার জমির মালিকেরা চাকরি এবং ক্ষতিপূরণের নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় প্রস্তাবিত প্রকল্পের কাজ বন্ধ করে দেন। কৃষকেরা দাবি করেছেন, এই এলাকায় জোর করে জমি অধিগ্রহণ করতে গেলে তাঁরা একযোগে বাধা দেবেন। তাঁরা মমতার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান।
এর আগে রেলমন্ত্রী থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় জমিদাতা প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের বাস্তবায়ন চান তাঁরা।