দুর্নীতি কেলেঙ্কারির মুখে তিন মন্ত্রী পদত্যাগ করলেও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন।
এরই মধ্যে পুলিশ বিস্তৃত পরিসরে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। এর অংশ হিসেবে আটক হওয়া বেশ কয়েকজনের মধ্যে পদত্যাগ করা ওই তিন মন্ত্রীর ছেলেরাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ইরানে মুদ্রা পাচার ও বিভিন্ন নির্মাণ খাত প্রকল্পে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাতে ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরের বাইরে এক জনসভায় প্রধানমন্ত্রী এরদোয়ান পদত্যাগ না করে বরং সরকারের সামনে সৃষ্ট চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। দুই মেয়াদে ১১ বছর ধরে ক্ষমতাসীন ইসলামপন্থী এরদোয়ান সরকার দুর্নীতির এ অভিযোগের কারণে এ পর্যন্ত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন বলে মনে করা হচ্ছে।
অভিযোগ নিয়ে শুরু হওয়া তদন্তকে প্রধানমন্ত্রী ‘অপপ্রচার রুখে দেওয়ার অভিযান’ বলে আখ্যায়িত করেন। জনসভায় উপস্থিত হাজার হাজার সরকার-সমর্থককে তিনি আগামী মাসে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনেও তাঁর দলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে তুরস্কের সেনাবাহিনী বলেছে, অভ্যুত্থান ষড়যন্ত্রের গুজব রটলেও এর প্রতিক্রিয়া হিসেবে তারা নিজেদের দেশের রাজনৈতিক কার্যকলাপে জড়াতে ইচ্ছুক নয়।
কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের ধরতে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী এরদোয়ানের পদত্যাগের দাবিতে গত শুক্রবার ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিক্ষোভ হয়েছে রাজধানী আঙ্কারা এবং তৃতীয় বৃহত্তম নগর ইজমিরেও। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চলমান কেলেঙ্কারির জন্য তুর্কি মুদ্রা লিরার মান মার্কিন ডলারের বিপরীতে আরেক দফা কমে গেছে। বিবিসি ও এএফপি।