যুক্তরাজ্য বলেছে, মুয়াম্মার গাদ্দাফি শর্ত সাপেক্ষে লিবিয়ায় অবস্থান করতে পারবেন। তবে সে ক্ষেত্রে তাঁকে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হবে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গত সোমবার রাতে লন্ডনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলা জুপ্পের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন।এর আগে ফ্রান্স গত সপ্তাহে বলেছিল, লিবিয়া-সংকটের একটাই সমাধান হতে পারে, শর্ত সাপেক্ষে গাদ্দাফিকে লিবিয়ায় অবস্থান করতে দেওয়া। আর সেই শর্ত হলো তাঁকে লিবিয়ার রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। ব্রিটেনও বলেছিল, সংকটের সমাধান চাইলে গাদ্দাফিকে অবশ্যই দেশ ছাড়তে হবে। এটা হলে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেপ্তারও করা হতে পারে।হেগ বলেছেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানোই হচ্ছে যুক্তরাজ্যের প্রথম লক্ষ্য। তিনি বলেন, গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। ক্ষমতা ছাড়ার পর লিবিয়ার সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে ওঠা বা লিবিয়াকে অস্থিতিশীল করার সুযোগ তাঁকে দেওয়া যাবে না। গাদ্দাফিকে আর ভয় পাওয়ার কিছুই নেই; লিবিয়ার জনগণকে আশ্বস্ত করতে তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেয়েউত্তম পথ আর নেই।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সব সময় বলে আসছি, গাদ্দাফির ভাগ্যে কী ঘটবে, তা নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব লিবিয়ার জনগণের।’ফরাসি মন্ত্রী জুপ্পে বলেন, লিবিয়ার ব্যাপারে যুক্তরাজ্য ও ফ্রান্স সঠিক পথেই এগোচ্ছে। লিবিয়া কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘চার মাস আগে আমরা হস্তক্ষেপ না করলে বেনগাজিতে রক্তগঙ্গা বয়ে যেত। আমি মনে করি, এই সাহসী পদক্ষেপের জন্য আমরা গর্ব বোধ করতে পারি।’জুপ্পে বলেন, ‘আমরা নিশ্চিত যে দিন শেষে গাদ্দাফি তাঁর ক্ষমতা এবং সামরিক ও বেসামরিক দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। এরপর তিনি দেশে থাকবেন নাকি দেশের বাইরে থাকবেন, সেটা নির্ধারণ করবে লিবিয়ার জনগণ।’