ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সালেহর সই সত্ত্বেও সানায় প্রচণ্ড সংঘর্ষ
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী অংশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ জাতিসংঘ-সমর্থিত ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করার দুই দিন পর এই সংঘর্ষের ঘটনা ঘটল।প্রত্যক্ষদর্শীরা জানান, জেনারেল আলী মোহসেন আল-আহমারের নেতৃত্বাধীন প্রথম ব্রিগেডের বিদ্রোহী সেনারা গতকাল ভোরের দিকে সালেহর ভাগনে ইয়াহইয়ার নেতৃত্বে পরিচালিত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মর্টারের গোলা ও মেশিনগানের গুলি বিনিময় করে।সংঘর্ষ ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট আবরাবুহ মনসুর হাদির বাসভবনের কাছে ছড়িয়ে পড়ে। গত বুধবার ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করেন সালেহ। এই চুক্তির আওতায় সালেহর ক্ষমতা গ্রহণ করবেন মনসুর হাদি। পরে সংঘর্ষ সানার প্রাণকেন্দ্রেও ছড়িয়ে পড়ে এবং তা দুই ঘণ্টা স্থায়ী হয়। তবে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দুকধারীরা পার্শ্ববর্তী আল-হাসাবা এলাকার বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেখানেও উত্তেজনা দেখা দেয়। আল-হাসাবায় কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী উপজাতি সদস্যদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।এর মধ্যে ইয়েমেনের তরুণ বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত সালেহর ক্ষমতা হস্তান্তরের চুক্তি প্রত্যাখ্যান করেছে। এই চুক্তির আওতায় সালেহ ও তাঁর পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি না করার প্রতিজ্ঞা করায় বিদ্রোহীরা বিক্ষোভ করছে। একই সঙ্গে তারা সালেহর গোটা সরকারের পদত্যাগ দাবি করছে। গতকালের বিক্ষোভে বিদ্রোহীদের স্লোগান ছিল ‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবেই’। এএফপি।