ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত ইয়েমেনের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল সোমবার দেশটির রাজনৈতিক সংকট নিরসনে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তিনি সাংবিধানিক পন্থায় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। তবে উপসাগরীয় দেশগুলোর ওই উদ্যোগকে নাকচ করে দিয়েছেন বিরোধীরা।উপসাগরীয় আরব দেশগুলো প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, আরব দেশগুলো প্রেসিডেন্টকে বিচারের হাত থেকে অব্যাহতি দেওয়ারও প্রস্তাব দিয়েছে। এজন্য তাঁরা প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন।বিরোধীরা আরব দেশগুলোর উদ্যোগকে নাকচ করে দেওয়ার কিছুক্ষণ পরই সালেহর কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, তাঁরা আরব দেশগুলোর প্রস্তাবটি গ্রহণ করেছেন।গত রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বলা হয়, সাংবিধানিক পন্থায় শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হবে। তবে কখন তিনি পদত্যাগ করবেন সে ব্যাপারে কিছু বলা হয়নি।ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে সৌদি আরবে একটি বৈঠকের আহ্বান করেছেন মন্ত্রীরা। তবে বৈঠকের সময় নির্ধারণ করা হয়নি।বিরোধীদলীয় মুখপাত্র মোহাম্মদ আল-সাবরি বলেন, যে সরকার বিক্ষোভকারীদের হত্যা করেছে, তার সুরক্ষার নিশ্চয়তা দিয়ে কে বোকা হতে চায়? আলী আবদুল্লাহ সালেহ ও তাঁর সন্তানদের তিউনিসিয়া ও মিসরের শাসকদের মতো পরিণতি ভোগ করতে হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। ওই মুখপাত্র বলেন, ‘আমাদের মূল দাবি হচ্ছে, প্রথমে সালেহকে পদত্যাগ করতে হবে।’এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, উপসাগরীয় আরব দেশগুলোর ওই উদ্যোগের বিরুদ্ধে গতকাল সানা, তাইজ, হুদাইদা, ইব ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাদরামাউয়ের রাস্তায় বিক্ষোভ করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা চান সালেহ ও তাঁর সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।কূটনৈতিক একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট সালেহকে পদত্যাগে রাজি করাতে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এ ব্যাপারে সাড়া দিতে তিনি দেরি করছিলেন। তিনি ও তাঁর ছেলেদের বিচারের মুখোমুখি করা হবে না—এ নিশ্চয়তার জন্য তিনি ধীরে চলো নীতি নিয়েছিলেন বলে সূত্রের দাবি। রয়টার্স, এএফপি।