ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দী মুরসি

ক্ষমতাচ্যুত করার পর মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে একটি সেনা স্থাপনায় আটকে রাখা হয়েছে।মুরসির শীর্ষ সহযোগীরাও তাঁর সঙ্গে আটক রয়েছেন।মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানান।আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মুরসির ডানহাত বলে পরিচিত এসাম এল হাদ্দাদের ছেলে জিহাদ এল হাদ্দাদ বলেন, ‘মুরসি ও তাঁর সহযোগী সব কর্মকর্তাকে প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান গার্ডস ক্লাবে গৃহবন্দী করে রাখা হয়েছে।তবে মুরসিকে তাঁর সহযোগীদের কাছ থেকে আলাদা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’ মুরসিকে বন্দী করার তথ্যের সত্যতা যাচাইয়ে সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।মুরসিকে পরে ছেড়ে দেওয়া হবে কি না, এ ব্যাপারেও তিনি কিছু জানাননি। তবে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে মুরসি বলেন, ‘আমিই মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট।’ গত বছরের নির্বাচন ও গত ডিসেম্বরের সাংবিধানিক গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এর বৈধতা রক্ষা করা জনগণের দাবি।’ মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তাঁর কার্যালয় থেকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মিসরবাসীকে শান্তিপূর্ণভাবে এ ‘সামরিক অভ্যুত্থান’ ঠেকানোর আহ্বান জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, মুরসির সহযোগীরা নিজেদের টেলিফোন-সংযোগ বন্ধ রেখেছেন। অন্যান্য সহযোগী যাঁরা গতকাল মুরসির সঙ্গে ছিলেন না, তাঁরা জানান, তাঁদের নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে মুরসি রিপাবলিকান গার্ডসের সদর দপ্তরে তাঁর কার্যালয়ে ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, মুসলিম ব্রাদারহুডের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে ক্ষমতাসীন ফ্রিডম এবং জাস্টিস পার্টির প্রধান সাদ আল-কাতাতনি এবং মুসলিম ব্রাদারহুডের ডেপুটি সুপ্রিম গাইড রাশাদ বায়োমিকে গ্রেপ্তার করেছে।
মুরসির পতনের পর আরব লিগের প্রধান আমর মুসা বলেন, ‘মুরসির পতনের পর মিসরের নতুন সরকারের জন্য “এখন” আলোচনা শুরু হবে। সরকার এবং সবকিছুর মধ্যে সমন্বয় সাধনের জন্য এখন আলোচনা শুরু হবে।’
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির কাছে হেরেছিলেন মুসা। তিনি বলেন, ‘মুরসির শাসন শেষ।’
মুরসির শাসনামলের গুরুত্বপূর্ণ ঘটনা
২৮ নভেম্বর, ২০১১: মিসরে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের যুগের অবসানের পর দেশটিতে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হয়। ইসলামপন্থী দলগুলো নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়। এর মধ্যে অর্ধেক ভোট পায় মুসলিম ব্রাদারহুড।
৩০ জুন, ২০১২: নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১২ আগস্ট, ২০১২:মিসরের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে অপসারণ করেন প্রেসিডেন্ট মুরসি। দুই জেনারেলকে বরখাস্ত করার পাশাপাশি মুরসি সামরিক পরিষদের আনা প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেন।
২২ নভেম্বর, ২০১২ : প্রেসিডেন্ট মুরসি একাধিক ডিক্রি জারির মাধ্যমে মুরসি একছত্র ক্ষমতার অধিকারী হন। ঘোষণায় বলা হয়েছে, তাঁর ডিক্রি, সিদ্ধান্ত বা জারি করা আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ঘোষণায় আরও বলা হয়, কোনো আদালত বর্তমান সাংবিধানিক গণপরিষদকে বিলুপ্ত করতে পারবেন না। এ পরিষদ মিসরের নতুন সংবিধান প্রণয়নের কাজ করছিল। তবে ৮ ডিসেম্বর এ ঘোষণা বাতিল করেন মুরসি।
১৫ ও ২২ ডিসেম্বর, ২০১২: খসড়া সংবিধানের ওপর প্রথম দফায় গণভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর। খসড়া সংবিধানের পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়ে।
২৪ জানুয়ারি, ২০১৩: ২০১১ সালের হোসিন মোবারকের পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক সপ্তাহে ৬০ জন নিহত হয়।
২ জুন, ২০১৩: মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ বা শুরা কাউন্সিল এবং নতুন সংবিধান প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করে রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।
৩০ জুন, ২০১৩: মুরসির ক্ষমতা গ্রহণের প্রথম বর্ষপূর্তিতে তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে মিসর।
১ জুলাই, ২০১৩:১ জুলাই, ২০১৩: মুরসিকে পদত্যাগের জন্য এক দিনের সময় বেঁধে দেন তাঁর বিরোধীরা। ৪৮ ঘণ্টার মধ্যে জনগণের দাবি মেনে না নিলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করা হয়।
২ জুলাই, ২০১৩: মিসরের রাজধানী কায়রোতে মুরসির সমর্থক ও বিরোধীপক্ষের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৬ জন নিহত ও ২০০ জন আহত হয়।
৩ জুলাই, ২০১৩: সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সেনাপ্রধান আবেদল ফাত্তাহ আল সিসি মুরসিকে সরিয়ে দেন। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।