ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে স্থান পেয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সারা বিশ্বে সৃজনশীল প্রভাব ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ সম্মানে ভূষিত করা হলো তাঁকে। ফোর্বস গত বুধবার এ বছরের ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ করে। এতে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্র্যাফট ফুডসের প্রধান নির্বাহী আইরিন রোজেনফেল্ড। তৃতীয় হয়েছেন মিডিয়া সম্রাজ্ঞী অপরাহ উইনফ্রে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চতুর্থ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দখল করেছেন পঞ্চম স্থান। এবার শীর্ষ ১০০ জনের মধ্যে ভারতের তিনজন নারী স্থান করে নিয়েছেন। ফোর্বস-এর প্রকাশক ময়রা ফোর্বস জানান, এবার তালিকা করার ক্ষেত্রে পুরোনো পদ্ধতি অনুসরণ করা হয়নি। নামডাক ও কর্মকাণ্ডের চেয়ে সৃজনশীল প্রভাব ও উদ্যোগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।মিশেল ওবামা প্রসঙ্গে ময়রা ফোর্বস বলেন, শিশুদের মুটিয়ে যাওয়া রোধে মিশেল ওবামা আন্দোলন করছেন। তাঁর এ আন্দোলনে সাড়া দিয়ে কোকাকোলাসহ অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যে ২০১৫ সালের মধ্যে ক্যালরি কমিয়ে আনার অঙ্গীকার করেছে। পপ তারকা লেডি গাগা ও বিয়ন্সে নোলস যথাক্রমে সপ্তম ও নবম। পেপসি কোর প্রধান ভারতীয় নারী ইন্দ্রা নুই হয়েছেন ষষ্ঠ। তালিকার অন্য দুজন ভারতীয় হলেন অ্যাক্সিস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শিখা শর্মা ও আইসিআইসিআই ব্যাংকের চান্দা কোচার। শর্মা হয়েছেন ৮৯তম ও কোচার হয়েছেন ৯২তম। বিবিসি ও এএফপি।