ক্ষমতাধর ভাইয়ের সহায়তা চান না জর্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কোনো সহায়তা চান না তাঁর সৎভাই জর্জ ওবামা। একটি প্রামাণ্যচিত্রের জন্য ধারণ করা সাক্ষাৎকারে কেনিয়ার বস্তিতে বসবাসকারী জর্জ এ কথা বলেছেন। বাণিজ্য-সংক্রান্ত সাময়িকী হলিউড রিপোর্টার-এর একটি ওয়েবসাইটে প্রামাণ্যচিত্রের জন্য ধারণ করা চার মিনিটের ওই সাক্ষাৎকারটি দেখা গেছে। চলতি সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করার কথা। গত বছর সবচেয়ে বেশি বিক্রির তালিকায় থাকা দ্য রুটস অব ওবামা’স রেইজ বইয়ের লেখক দিনেশ ডি সুজা ওই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। কয়েক মাস আগে জর্জ ওবামার বিষয়ে একটি প্রতিবেদন পড়েন রক্ষণশীল লেখক ডি সুজা। এরপর তিনি কেনিয়ার রাজধানী নাইরোবির একটি বস্তি থেকে জর্জকে খুঁজে বের করেন। পরে স্থানীয় একটি পার্কে বসে তিনি তাঁর সাক্ষাৎকার নেন।সাক্ষাৎকারে জর্জ বলেছেন, ‘আমি মনে করি, ওবামার নিজস্ব পরিবার রয়েছে। আমিও তাঁর পরিবারের সদস্য। তবে আমি এখন প্রাপ্তবয়স্ক। কাজেই আমি নিজেই নিজেকে সাহায্য করতে পারি।’প্রেসিডেন্ট ওবামা ভাইয়ের দেখভাল করতে না পারায় নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন—এমন কথার উত্তরে জর্জ বলেছেন, ‘তিনি (ওবামা) অন্য দায়িত্ব পালন করছেন। আর তিনি তো সারা বিশ্বেরই দেখভাল করছেন। কাজেই তিনি পরোক্ষভাবে আমারও দেখভাল করছেন।’বারাক ওবামার বাবা একজন অর্থনীতিবিদ ছিলেন। তাঁর চার স্ত্রীর মধ্যে নৃতত্ত্ববিদ অ্যান ডানহ্যাম ওবামার মা। আর জায়েল ওটিয়েনো জর্জ ওবামার মা। বর্তমানে ওটিয়েনো যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।ওবামার কট্টর সমালোচক ডি সুজাকে জর্জ ওবামা বলেছেন, তাঁর বয়স যখন ছয় মাস, তখন তাঁর বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যান। কাজেই বাবার কোনো স্মৃতি তাঁর কাছে নেই এবং তাঁর মা তাঁকে বলেছেন, তাঁর বাবা উচ্চশিক্ষিত ছিলেন।প্রামাণ্যচিত্রটির শেষ দৃশ্যে দুটি আলোকচিত্রের তুলনা উপস্থাপন করা হয়েছে। একটি আলোকচিত্রে দেখা গেছে, জর্জ ওবামা বস্তির একটি জীর্ণ কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আছেন। আর অন্যটিতে দেখা গেছে, প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসের সামনের একটি বাগানে পায়চারি করছেন। রোনাল্ড রিগ্যানের শাসনামলের নীতি-বিশ্লেষক ডি সুজা বর্তমানে নিউইয়র্কে একটি খ্রিষ্টান কলেজ পরিচালনা করছেন। ওবামা তাঁর বাবার মতোই উপনিবেশবাদকে ঘৃণা করেন—নিজের বইয়ে ডি সুজা এমন মন্তব্য করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এএফপি।