ভারতের নতুন মন্ত্রিসভা নিয়ে হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণ
ক্ষমতাধর মন্ত্রীরা ক্ষমতার ভারসাম্য নষ্ট করবেন!
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভাকে অধিকতর ‘সুসংগঠিত’ রাখতে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন৷ এর লক্ষ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি কার্যকারিতা দেখাতে সক্ষম করে তোলা৷ কিন্তু এতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন৷
পর্যবেক্ষকদের আশঙ্কা, মোদির এ সিদ্ধান্তে আমলাতন্ত্র মাত্রাতিরিক্ত ক্ষমতাধর হয়ে উঠতে পারে৷ এতে করে সুশাসনের ক্ষেত্রে ভারসাম্যহীনতা সৃষ্টির আশঙ্কা রয়েছে৷ প্রধানমন্ত্রী মোদির কার্যালয় থেকে গত রোববার প্রকাশিত এক বিবৃতিতে তাঁর সিদ্ধান্তের পক্ষে বিিভন্ন যুক্তি উপস্থাপন করা হয়৷ এতে বলা হয়, ‘সর্বোচ্চ সুশাসন ও ন্যূনতম সরকার’ বাস্তবায়নই মোদির নীতির মূল কথা৷
নতুন সরকারে একজন মন্ত্রীর অধীনে বেশ কয়েকজন সহকারী পরিপূরকভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন৷ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ‘সুশাসনের সমন্বিত ও আন্তসংযুক্ত ধরন’৷
সাবেক সরকারি কর্মকর্তা শেখর সিং বলেন, মোদি আসলে রাজ্য সরকারের আদলে কেন্দ্রীয় সরকার গঠন করতে চাইছেন৷ রাজ্যে একজন মুখ্যমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং মন্ত্রীরা অধীনস্থ হিসেবে কাজ করেন৷ কেন্দ্রীয় শাসনব্যবস্থায় এ ধরনের সরকার হয়তো সংিক্ষপ্ত সময়ের জন্য দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক হবে৷ কিন্তু এতে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে সরকারে অভ্যন্তরীণ ভাঙন ও ভারসাম্যহীনতা দেখা দিতে পারে৷ একটি বৈচিত্র্যময় অর্থনীতি ও সমাজব্যবস্থায় সরকারে ভারসাম্য থাকা জরুরি৷
শেখর সিং আরও বলেন, প্রতিমন্ত্রীদের হাতে কম ক্ষমতা থাকায় গুটি কয়েক মন্ত্রীর কাঁধে বাড়তি চাপ পড়তে পারে৷ পরিণামে আমলাতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পাবে৷ এতে করে মন্ত্রীদের পারস্পরিক বিরোধ বৃদ্ধির পাশাপাশি কর্তৃত্ববাদী আচরণ দেখা দেবে৷ পরিবেশ ও সামাজিক ন্যায়বিচারমন্ত্রীর মতো তুলনামূলক দুর্বল মন্ত্রীরা গুরুত্ব হারিয়ে ফেলতে পারেন৷
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ পার্থ মুখোপাধ্যায় মনে করেন, বিদায়ী ইউপিএ সরকারে সুশাসন যথেষ্ট পরিমাণে ছিল না—এমন ধারণা থেকেই হয়তো মোদী পরাক্রমশালী নেতাদের মন্ত্রী করেছেন৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, একটি ‘সুসংগঠিত সরকার’ পরিচালনা করতে হবে৷
১৪ জনের বিরুদ্ধে মামলা: মোদির মন্ত্রিসভার ১৪ জন সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে৷ তবে তাৎক্ষণিকভাবে সবার সম্পর্কে তথ্য জানা যায়নি৷ সবচেয়ে বেশিসংখ্যক ১৩টি মামলা রয়েছে পানিসম্পদ ও গঙ্গা পুনরুজ্জীবিতকরণ মন্ত্রী উমা ভারতীর বিরুদ্ধে৷ এর মধ্যে দুটি হত্যাচেষ্টার মামলা৷ পরিবহনমন্ত্রী িনতিন গড়কাড়ির বিরুদ্ধে রয়েছে চারটি মামলা৷
নতুন মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স হলো ৬০৷ তাঁদের সম্পদের মোট পরিমাণ ৪২৯ কোটি রুপি (থাওয়ার চাঁদ গিলতের আর্থিক সম্পদের বিবরণী পাওয়া যায়নি)৷ সেই হিসাবে একেকজন মন্ত্রীর গড় সম্পদের পরিমাণ দাঁড়ায় সাড়ে আঠারো কোটি রুপিরও বেশি৷ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১১৩ কোটি রুপির সম্পদ নিয়ে সবচেয়ে ধনী অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ আর সবচেয়ে কম সম্পদ রামবিলাস পাসওয়ানের৷ তাঁর সম্পদের মূল্যমান মাত্র ৯৬ লাখ রুপি৷