ক্ষমতায় ফিরছে নেপালি কংগ্রেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাংবিধানিক পরিষদের নির্বাচনে মাওবাদীদের চেয়ে নেপালি কংগ্রেস পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টি (সিপিএন-ইউএমএল) দ্বিতীয় এবং সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ডের নেতৃত্বাধীন দল ইউসিপিএন (মাওবাদী) তৃতীয় অবস্থানে রয়েছে।
নেপালি কংগ্রেস মোট ২৪০টি নির্বাচনী আসনের মধ্যে ১০৪টি আসনে জয়ী হয়েছে। সিপিএন-ইউএমএল ৯১টি এবং ইউসিপিএন ২৫টি আসন পেয়েছে।
বাকি ১৮টি আসন পেয়েছে মাধেসি ও অন্য ছোট কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচিত এই পরিষদ নেপালের নতুন সংবিধানের খসড়া প্রণয়নের দায়িত্ব পালন করবে।আনুপাতিক ভোটব্যবস্থায় সিপিএন-ইউএমএল দুই লাখ সাত হাজার, নেপালি কংগ্রেস এক লাখ ৮৯ হাজার এবং ইউসিপিএন এক লাখ ১৮ হাজার ভোট পেয়েছে।
এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মহান্ত ঠাকুর, হূদিশ ত্রিপাঠি, ব্রিশেষ চন্দ্র লাল, রাজেন্দ্র মাহাতো, অনিল ঝা, সারিতা গিরি ও রামেশ্বর রায়ের মতো গুরুত্বপূর্ণ মাধেসি নেতারা। রাষ্ট্রীয় মাধেস পার্টির প্রধান শারদ সিং ভান্ডারি দুটি আসনে পরাজিত হয়েছেন।
সাংবিধানিক পরিষদের মোট ৬০১টি আসনের মধ্যে ২৪০টিতে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত করা হয়।
রাজনৈতিক দলগুলোর আনুপাতিক ভোটের ভিত্তিতে ৩৩৫টি আসন নির্ধারিত হবে। আর অবশিষ্ট ২৬টি আসনে সরকার মনোনীত প্রার্থী নেওয়া হবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একটি দলকে ৩০১টি আসন পেতে হবে। আনুপাতিক ভোটব্যবস্থায় জয়ী হতে গেলে ৫৮ শতাংশ ভোট প্রয়োজন।
নেপালি কংগ্রেসের প্রধান সুশীল কৈরালা ও সিপিএন-ইউএমএলের জ্যেষ্ঠ নেতা মাধব কুমার নেপাল নিজ নিজ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। পিটিআই।