ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নাকচ নাশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তাঁর বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে গ্রেপ্তারের অভিযোগ নাকচ করে দিয়ে তা আইনিভাবে মোকাবিলা করার অঙ্গীকার করেছেন। পুলিশের বিদ্রোহে নাশিদ গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন। জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে দেশটির জ্যেষ্ঠ একজন বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় এ বিদ্রোহের ঘটনা ঘটে।মালদ্বীপ সরকারের মুখপাত্র মাসুদ ইমাদ গত সোমবার বলেন, বিচারককে অবৈধভাবে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাজধানী মালেতে সমাবেশ করেছেন নাশিদ। সমাবেশে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করবেন না। আমি এই মামলা মোকাবিলা করব। কারণ, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় আমি বেআইনি কোনো কাজ করিনি।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার কৌশল হিসেবেই সরকার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করছে। নাশিদ যদি দোষীপ্রমাণিত হন তাঁর সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড অথবা তাঁকে ভারত মহাসাগরের যেকোনো দ্বীপে নির্বাসনে পাঠানো হতে পারে।এএফপি।