ক্ষমতার এক বছরে জনসমর্থন কমেছে নওয়াজ শিরফের

পাকিস্তানের প্রায় তিন–চতুর্থাংশ জনগণ মনে করেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে৷ রাজধানী ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক মতামত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে৷ খবর ডনের৷
নওয়াজ সরকারের এক বছরপূর্তি উপলক্ষে এ জরিপ চালানো হয়৷ জরিপে অংশ নেন দেশটির চারটি প্রদেশের এক হাজার ৩৫৪ জন৷ এতে দেখা গেছে, সরকারের প্রতি জনগণের কেবল মোহমুক্তিই ঘটেনি; তাঁরা তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ও সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিচারের মতো বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে দ্বিধাভক্ত৷
সারা দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬ শতাংশ বলেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে৷ আর ২৩ শতাংশ মানুষ বলেছেন, দলটি মোটামুটি ব্যর্থ হয়েছে৷
প্রদেশভিত্তিক জরিপে পাঞ্জাব সরকারের কর্মকাণ্ডকে সবচেয়ে কার্যকর মনে করেছেন বেশির ভাগ অংশগ্রহণকারী (৬৫ দশমিক ৭৩ শতাংশ)৷ এর পরেই রয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ (১৬ দশমিক ৫৪ শতাংশ)৷ মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ মনে করেন, বেলুচিস্তান সরকারের কার্যক্রম ভালো৷ আর সিন্ধু প্রদেশের সরকারকে কার্যকর মনে করেছেন ৯ শতাংশ অংশগ্রহণকারী৷