ক্ষমতার রাজনীতিতে তৃতীয় অবস্থানে সু চি!
মিয়ানমারের রাজনীতিতে অং সান সু চির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সরকারে না থাকলেও এ মুহূর্তে তাঁকে দেশটির ক্ষমতাবলয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করছেন পর্যবেক্ষকেরা। তাঁদের বক্তব্য, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের ওপর সু চির ব্যাপক প্রভাবকে কাজে লাগাতে চায় সরকার। এ কারণেই নীতিনির্ধারকেরা তাঁকে গুরুত্ব দিচ্ছেন।উর্দি (সামরিক পোশাক) ছেড়ে নির্বাচনের মাধ্যমে ‘বেসামরিক’ পরিচয়ে আসা দেশটির ক্ষমতাসীন সরকার সু চির স্বচ্ছ ভাবমূর্তিকে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজে ব্যবহার করতে চায়। শিগগিরই তাঁকে সরকারের দায়িত্বশীল পদে দেখা যেতে পারে এমন গুঞ্জনও রয়েছে। সু চি নিজেও সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। পর্যবেক্ষকদের বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে দেশটির ক্ষমতাকেন্দ্রে সু চির রয়েছে ব্যাপক প্রভাব। সামরিক জান্তা থেকে সংস্কারপন্থীতে পরিণত হওয়া দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন এবং আইনসভার নিম্নকক্ষের স্পিকার সাবেক জেনারেল শোয়ে মান এই দুজনের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিরাজ করছে। এরপরই ক্ষমতাবলয়ে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন সু চি।স্পিকার শোয়ে মান এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বহুবার বলেছেন, সু চিকে আইনসভায় স্বাগত জানানো হবে। তাঁর এ বক্তব্যেই শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীর রাজনীতিতে নাটকীয় পুনর্জন্মের ইঙ্গিত ছিল। এর প্রতিফলন ঘটতে খুব বেশি সময় লাগেনি। আগামী ১ এপ্রিল দেশটির আইনসভার উপনির্বাচনে লড়তে যাচ্ছেন সু চি।দেশটির ক্ষমতাসীন সরকার পাশ্চাত্যের সমর্থন আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আরোপিত আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে সু চির ব্যাপক গ্রহণযোগ্যতাকে এই প্রক্রিয়ায় ব্যবহার করতে চায় সরকার। দেশের অভ্যন্তরে সরকার অর্থনৈতিক সংস্কারের যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে, তার জন্য চাই বিদেশি বিনিয়োগ। পাশাপাশি দরকার মানুষের সমর্থন ও স্থিতিশীলতা। এ কাজেও সু চির দেশজুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে। সু চির এই গ্রহণযোগ্যতাকেই কাজে লাগাতে চায় সরকার।সু চির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে—এমন একজন পর্যবেক্ষক বলেছেন, ‘ঝুঁকি এবং বৈপরীত্য সত্ত্বেও শ্রদ্ধার প্রতিমূর্তি থেকে সু চি এখন পরিপূর্ণ রাজনীতিবিদে পরিণত হয়েছেন।’ এএফপি।