ক্ষমতার ১০০ দিন পার অ্যাকুইনোর
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনোর ক্ষমতার ১০০ দিন পূর্ণ হয়েছে গত বৃহস্পতিবার। এই অল্প সময়ে তাঁকে কিছু কঠিন সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে রয়েছে গত আগস্টের জিম্মি-সংকট। অ্যাকুইনোর দাবি, সফলতা পেতে শুরু করেছে তাঁর সরকার। যদিও ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনাও শুরু হয়েছে।নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর গত ৩০ জুন শপথ নেন অ্যাকুইনো। দেশের মানুষ আশা করছে, দুর্নীতি প্রতিরোধ, আমলাতন্ত্রের বেড়াজাল থেকে প্রশাসনকে সক্রিয় করা এবং অর্থনীতি চাঙা করতে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি রাখবেন।ক্ষমতার ১০০ দিনে পার হয়ে গেছে। এর মধ্যে তিনি উল্লেখযোগ্য কিছু সফলতাও পেয়েছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ৮০০ কোটি মার্কিন ডলারের সহযোগিতা ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন।হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, দেশে অহরহ যে হত্যাকাণ্ড ঘটে, তা রোধ করতে এবং সেনা ও পুলিশের কিছু কিছু অংশের দায়মুক্তির ব্যাপারে তাঁর পদক্ষেপ যৎকিঞ্চিৎ। এএফপি, বিবিসি।