
ভারতের দাবি উড়িয়ে যুক্তরাষ্জানিয়ে দিল, দেবযানীকাণ্ডে ক্ষমা তারা চাইবে না; অভিযোগও প্রত্যাহার করবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র মারি হার্ফ গত বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ উভয় দেশের এই কঠোর অবস্থানের কারণে ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক সংকটের মুখে দাঁড়িয়েছে।
কীভাবে এই সংকটের সমাধান হতে পারে, সে সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল গতকাল শুক্রবার সাউথ ব্লকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, উপযুক্ত মহলের সঙ্গে কথা না বলে তিনি কোনো ধারণায় উপনীত হতে চান না। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সালমানের কথায় এই ইঙ্গিত মিলেছে যে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছেন। এটাও পরিষ্কার যে দেবযানীকাণ্ডের সম্মানজনক সমাধানে নেপথ্য কূটনীতি অব্যাহত রয়েছে।
কেরির দুঃখ প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই ম্যানহাটানের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কেন্দ্রীয় প্রসিকিউটর প্রীত ভারারা দীর্ঘ বিবৃতিতে যেভাবে দেবযানীর অপরাধ প্রমাণের চেষ্টা করেন, তাতে মনে করা হচ্ছিল যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু মারি হার্ফ ভারতের দাবি অনুযায়ী ক্ষমা প্রার্থনা ও অভিযোগ প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মতপার্থক্য না থাকারই প্রমাণ দিতে চেয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগকে তাঁরা খুবই গুরুত্ব দিয়ে দেখেন। প্রতিটি দেশকে তাঁরা এই বিষয়ে সজাগ করে দেন, দেশের আইনকে মনে করিয়ে দেন, দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। কাজেই অভিযোগ প্রত্যাহারের পথে তাঁরা হাঁটছেন না। ক্ষমা চাওয়ারও প্রশ্ন উঠছে না।
মারি হার্ফ আরও একটি বিষয়ে ভারতের চিন্তা বাড়িয়েছেন। তিনি বলেছেন, দেবযানীকে জাতিসংঘের স্থায়ী মিশনে বদলির সিদ্ধান্তের অর্থ এই নয় যে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ প্রথমত, বদলিসংক্রান্ত অনুরোধ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো পৌঁছায়নি। দ্বিতীয়ত, দেবযানীর বিরুদ্ধে অভিযোগগুলো সেই বদলির আগে আনা হয়েছে। অর্থাত্ তিনি বোঝাতে চেয়েছেন, স্থায়ী মিশনে বদলির পরেও দেবযানী অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের এই মনোভাব ভারতীয় রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। গত বৃহস্পতিবার ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কমলনাথ ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন৷ গতকাল তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে তাদের দাদাগিরি আর চলবে না। ক্ষমা তাদের চাইতেই হবে। ওদের বুঝতে হবে, পৃথিবী বদলাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ভারতও বদলে গেছে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপিও দেবযানী বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে৷ বিজেপির জ্যেষ্ঠ নেতা যশবন্ত সিনহা বলেছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের বাড়তি সব সুবিধা বন্ধ করে দেওয়া হোক। ওদেরও বাধ্য করা হোক এ দেশের আইন অনুযায়ী চলতে। যশবন্ত সিনহা আগে দাবি করেছিলেন, মার্কিন দূতাবাসের সমকামী কর্মকর্তা ও তাঁদের সঙ্গীদের বিরুদ্ধে ভারতের আইন প্রয়োগ করা হোক। বিজেপির সহসভাপতি মুখতার আব্বাস নকভি বলেছেন, ‘এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুঃখ প্রকাশ করতে হবে৷’
আর নিউইয়র্কে দেবযানীর আইনজীবী ড্যানিয়েল আরশাক বলেেছন, তাঁর মক্কেলকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে।
একাত্তর সালে ভারতকে আটকাতে মার্কিন সপ্তম নৌবহর ভারত মহাসাগরে নিয়ে আসা হয়েছিল। সাউথ ব্লকে অবশ্যই সেই সংকটের সঙ্গে বর্তমান টানাপোড়েনের তুলনা টানা হচ্ছে না। তার কারণ, গত দশ বছরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় হওয়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও নির্ভরতা বহু গুণ বেড়ে যাওয়া। জন কেরি ও সালমান খুরশিদ দুজনই তাঁদের বিবৃতি ও মন্তব্যে এই বহুমাত্রিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। মার্কিন জনগণ যেমন দেশের আইন ও তার প্রয়োগের প্রতি শ্রদ্ধাশীল, ভারতের জনমতও তেমন দেবযানী খোবরাগাড়ের প্রতি সহানুভূতিশীল। অতএব, কীভাবে এ সমস্যার সমাধান ঘটে সেদিকেই এখন সবার দৃষ্টি।