ক্ষমা চাইবেন না অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির বিষয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

অমর্ত্য সেন সম্প্রতি সিএনএন-আইবিএন চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চান না। কারণ, তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপদ ভাবার মতো যথেষ্ট কিছু করেননি। ওই মন্তব্যের পর তাঁর ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলেন বিজেপির সাংসদ চন্দন মিত্র।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অমর্ত্য সেন মোদির বিষয়ে ওই মন্তব্যের পক্ষে অবস্থানে অটল থাকেন। অমর্ত্য সেন এতে বলেছেন, এ ধরনের বিষয় তুলে ধরার অধিকার তাঁর রয়েছে। তিনি বলেন, ‘মোদি সম্পর্কে ওই বক্তব্যের বিষয়ে আমি ক্ষমা চাইছি না।’ বিশিষ্ট এ অর্থনীতিবিদ ব্যাখ্যা করে বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি উদ্বিগ্ন যে আমরা জনগণসংশ্লিষ্ট অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি না। আমরা বেশ কিছু বিষয়ে অধিকারের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছি না।’

অমর্ত্য সেন স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমি অনুভব করি, ভারতের সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ নিয়ে কথা বলা আমার কেবল অধিকারই নয়, দায়িত্বও। আমরা সংখ্যাগুরু সম্প্রদায়ের সদস্য হিসেবে প্রায়ই এটা ভুলে যাই।’

এর আগে গত বৃহস্পতিবার অমর্ত্য সেন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারেও অমর্ত্য সেন বলেছিলেন, ওই বক্তব্যের বিষয়ে তিনি অনুতপ্ত নন। তবে পরে বাড়াবাড়ি হয়ে গেছে মন্তব্য করে চন্দন মিত্র তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।