যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে আক্রমণ করে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার ভার্জিনিয়ার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ক্ষমা চাইব না।’ডেমোক্রেটিক দলের প্রার্থী ওবামার প্রচার বিভাগ মিট রমনিকে আক্রমণ করে সম্প্রতি একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করে। ওই বিজ্ঞাপনে অভিযোগ তোলা হয়, রমনি যখন বিকল্প সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক সেবাবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান বেইন ক্যাপিটালের প্রধান ছিলেন, তখন কোম্পানিটি চীন ও মেক্সিকোতে আমেরিকার চাকরি স্থানান্তর (জব আউটসোর্সিং) করে। এর মধ্য দিয়ে মার্কিন স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দেওয়া হয়।তবে ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর রমনি এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে খারিজ করে দিয়েছেন। গত শুক্রবার ওই অভিযোগ নাকচ করে দেওয়ার পাশাপাশি তাঁকে অব্যাহতভাবে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইতে ওবামা শিবিরের প্রতি আহ্বান জানানো হয়।তবে ভার্জিনিয়ার ওয়াভি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা জানিয়ে দিয়েছেন, বিজ্ঞাপনের জন্য তিনি ক্ষমা চাইবেন না। ওবামা বলেন, রমনি দাবি করেছেন, ব্যবসায় তাঁর দীর্ঘ সফলতার অভিজ্ঞতা রয়েছে। প্রকৃতপক্ষে তাঁর ব্যবসায়িক অভিজ্ঞতা কী, ভোটাররা তা সম্পূর্ণরূপে ও ন্যায়সম্মতভাবে জানতে চায়।রমনি বর্তমানে বিপুল অর্থের মালিক। বোস্টনভিত্তিক বিনিয়োগপ্রতিষ্ঠান বেইন ক্যাপিটালের প্রধান থাকাকালে তিনি কীভাবে এত বিত্তের অধিকারী হয়েছিলেন, এটাই এখন নির্বাচনী প্রচারণার বড় বিষয় হয়ে উঠেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে রমনিকে সাধারণ আমেরিকানদের ছোঁয়ার বাইরের একজন মানুষ হিসেবে চিত্রায়িত করতে চাইছেন ওবামা।রমনি যুক্তি দেখিয়েছেন, তিনি ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে বেইন থেকে পদত্যাগ করেন এবং কোম্পানি যখন মেক্সিকো ও চীনের প্রকল্পগুলোতে ‘চাকরি স্থানান্তর’ করাসহ অন্যান্য বিষয়ে কাজ শুরু করে, তখন সেগুলো তাঁর সিদ্ধান্ত ছিল না।তবে বোস্টান গ্লোব পত্রিকার একটি প্রতিবেদনে গত শনিবার বলা হয়েছে, ১৯৯৯ থেকে ২০০৩ সালের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া বেইন ক্যাপিটালের নথিপত্রগুলোতে রমনিকেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দেখানো হয়েছে। এএফপি।