ক্ষমা চেয়ে ওবামার কাছে পোলানস্কির চিঠি
হলিউডের পরিচালক রোমান পোলানস্কি শিশু নির্যাতনের অপরাধের সাজা থেকে অব্যাহতি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি দিয়েছেন। চিঠিটি ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি গত সপ্তাহে ওবামার কাছে পৌঁছে দেন। চিঠিতে পোলানস্কি জানিয়েছেন, এ অপরাধের জন্য তিনি যথেষ্ট শাস্তি পেয়েছেন। এখন তাঁকে নিষ্কৃতি দেওয়া হোক। এদিকে পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর আইনজীবীরা যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন মার্কিনি একটি আদালত। এর ফলে পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে আর কোনো আইনগত বাধা রইল না। খবর ডেইলি মেইল ও বিবিসির।পোলানস্কি বর্তমানে সুইজারল্যান্ডে রয়েছেন। গত সেপ্টেম্বরে জুরিখে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে তিনি সেখানে গ্রেপ্তার হন। এরপর দুই মাস জেল খাটেন। বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি। ১৯৭৭ সালের মার্চ মাসে পোলানস্কি ১৩ বছরের একটি শিশুকে মাদক সেবন করিয়ে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় গ্রেপ্তার ও সাজা এড়াতে ১৯৭৮ সালে নিজভূমি ফ্রান্সে চলে যান। এরপর আর কখনোই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাননি।ফ্রান্সের রাজনীতিবিষয়ক সাপ্তাহিক পত্রিকা ল্যঁ এক্সপ্রেস জানিয়েছে, পোলানস্কি ক্ষমা চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন। ওয়াশিংটনে গত সপ্তাহে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনের বাইরে ফরাসি প্রেসিডেন্ট চিঠিটি মার্কিন প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন। পত্রিকাটি বলেছে, পোলানস্কির পক্ষে চিঠিটি মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য সারকোজি শুধু ‘ডাকপিয়ন’-এর ভূমিকা পালন করেছেন। চিঠির বিষয়বস্তু বিস্তারিত জানাতে না পারলেও ল্যঁ এক্সপ্রেস জানায়, পোলানস্কি চিঠিতে উল্লেখ করেছেন, তিনি তাঁর অপরাধের জন্য ইতিমধ্যে দুই মাস কারাভোগ করেছেন। অতএব তাঁকে এখন রেহাই দেওয়া হোক। তিনি আরও বলেছেন, তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে মার্কিন গণমাধ্যম তাঁকে হেনস্তা করে ছাড়বে।ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় আপিল আদালত পোলানস্কির আইনজীবীদের প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদনটি খারিজ করে দেওয়ায় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার সময় ঘনিয়ে এসেছে।প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদনের পাশাপাশি পোলানস্কির আইনজীবীরা একজন বিশেষ আইনজীবী নিয়োগেরও আবেদন জানিয়েছিলেন। তাঁদের দাবি, পোলানস্কির প্রতি ন্যায়বিচার করা হয়নি। উল্লেখ্য, পোলানস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যুক্তরাষ্ট্রে ঢোকামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে।