গাজায় অবরোধ লঙ্ঘনের চেষ্টাকালে নৌযানে হামলায় ‘ভুলে কোনো প্রাণহানি হলে’ তার জন্য তুরস্কের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই হামলায় নিহত নয় ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একমত হয়েছেন তিনি।‘তুরস্কের জনগণের পক্ষ থেকে’ ইসরায়েলের এই ক্ষমাপ্রার্থনাকে মঞ্জুর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরায়েলের ক্ষমাপ্রার্থনার বিষয়টিকে স্পষ্টত তুরস্কের জয় হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী এরদোয়ান। ওই হামলার ঘটনায় নেতানিয়াহু আগে কেবল দুঃখ প্রকাশ করেছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যস্থতায় ইসরায়েল এবার তুরস্কের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।২০১০ সালের মে মাসে তুর্কি নৌযান মাভি মারমারায় ইসরায়েলি সেনাদের হামলায় নয় ব্যক্তি নিহত হন। তাঁরা ইসরায়েলি নৌ-অবরোধ লঙ্ঘন করে বিভিন্ন সহায়তাসামগ্রী গাজায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। বিবিসি।