মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগান প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনার পর পরিস্থিতি ক্রমেই শান্ত হয়ে আসছে। মার্কিন সেনা কর্তৃক পবিত্র কোরআনে অগ্নিসংযোগের পর উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো আফগানিস্তান। সহিংসতা ছড়িয়ে পড়েছিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট হামিদ কারজাইর কাছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থনা করে চিঠি পাঠান প্রেসিডেন্ট বারাক ওবামা। এ নিয়ে মার্কিন সেনাবাহিনী তদন্ত শুরু করেছে এবং দায়ী সেনাসদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।প্রেসিডেন্ট বারাক ওবামার এ ক্ষমা প্রার্থনা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনীতি শুরু হয়েছে। রক্ষণশীল রিপাবলিকানদের পক্ষ থেকে প্রকাশ্যে প্রেসিডেন্ট ওবামার ক্ষমাপ্রার্থনার সমালোচনাও করা হচ্ছে।গত বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামা নিজের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন। এবিসি নিউজের সাংবাদিক বব উডরাফকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানে আমাদের কাজ শেষ হয়ে যায়নি। রণাঙ্গনে নিয়োজিত সামরিক-বেসামরিক কর্মকর্তাদের পরামর্শে পরিস্থিতি শান্ত করার জন্যই তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন। আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি কমানোর জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থকে অসম্মান করার জন্য ক্ষমাপ্রার্থনা করা হয়েছে।ক্ষমাপ্রার্থনা নিয়ে দেশের অভ্যন্তরে সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামা এসব রাজনৈতিক সমালোচনা নিয়ে নিজে উদ্বিগ্ন নন বলে উল্লেখ করেন।