ক্ষুদ্র ব্যবসার ঋণের নিয়ম শিথিল করল কিউবা
ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে কিউবার সরকার। সমাজতান্ত্রিক দ্বীপ রাষ্ট্রটির সংকটে পড়া অর্থনীতিকে টেনে তোলার প্রচেষ্টায় সাম্প্রতিকতম পদক্ষেপ এটা।
এখন থেকে ব্যক্তিগতভাবে এবং ক্ষুদ্র ব্যবসার জন্য স্বল্প পরিমাণে অর্থ ঋণ হিসেবে নেওয়া যাবে এবং তা সরকারকে ফেরত দিতে অধিকতর বেশি সময় পাওয়া যাবে। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সংস্কারের অংশ হিসেবে দুই বছর আগে এ কর্মসূচির কথা ঘোষণা করেন। নতুন এই পদক্ষেপ সরকারি ঘোষণা হিসেবে প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুসারে, সর্বনিম্ন ঋণের পরিমাণ ২০০ ডলার থেকে কমিয়ে ৬৭ ডলার করা হয়েছে। আর ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। চলতি মাসের শুরুতে কিউবার সরকার ব্যক্তিগতভাবে নতুন ও পুরোনো বিদেশি গাড়ি কেনার ওপর বিধিনিষেধ শিথিল করে। ফলে কিউবার বা বিদেশি নাগরিকেরা সরকারি সংস্থার মাধ্যমে গাড়ি আমদানি করতে পারবেন। এর আগে এ জন্য সরকারি অনুমোদন লাগত।
গত কয়েক বছরে দেশটিতে যেসব সংস্কার কর্মসূচি চালু হয়েছে, তার মূল উদ্দেশ্য অর্থনীতিকে বেগবান করা। ঋণের সংস্কৃতি চালু করতে সর্বশেষ এই ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
২০১১ সাল থেকেই কিউবার নাগরিকেরা ব্যাংকঋণ নেওয়ার অধিকার পেয়েছেন। তবে এ পর্যন্ত মাত্র ৫০০ জনের মতো ঋণ নিয়েছেন। এই সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে চায় সরকার। তাদের লক্ষ্য, ১৫ লাখ মানুষকে রাষ্ট্রীয় বেতনভুক্ত খাত থেকে বেসরকারি খাতে স্থানান্তর। বিবিসি।