ক্ষুব্ধ কেজরিওয়াল বললেন, 'আমি নৈরাজ্যবাদী'
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রীদের বিক্ষোভ নিয়ে আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের দপ্তরে যেতে দেয়নি পুলিশ। দপ্তর থেকে কিছু দূরে রেলওয়ে ভবনের বাইরে তাঁদের থামিয়ে দেওয়া হয়েছে। সেখানে ক্ষুব্ধ কেজরিওয়াল বলেছেন, ‘তাঁরা (সরকার) বলেন, আমি একজন নৈরাজ্যবাদী। হ্যাঁ, আমি তাই। আজ আমি সিন্ধের জন্য নৈরাজ্য সৃষ্টি করব।’
টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কেজরিওয়ালের মন্ত্রিসভার আইনমন্ত্রীর নির্দেশ অমান্য এবং অপর এক মন্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করার অভিযোগে দিল্লি পুলিশের চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচিতে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের দিকে যেতে বাধা দেওয়ায় ইন্ডিয়া গেটের কাছে রেল ভবনের বাইরে প্রতিবাদী অবস্থান বহাল রাখার ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। একইসঙ্গে দিল্লিবাসীকে এই প্রতিবাদে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
দিল্লির পুলিশ কমিশনার ওই পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেছেন, তদন্ত শেষেই অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি কেজরিওয়ালকে তাঁর পদের প্রতি শ্রদ্ধা ও তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেছেন।
তবে মন্ত্রীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কেজরিওয়াল।