ক্ষেপণাস্ত্র উন্নয়নের চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উন্নয়নের চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়া এ অভিযোগ করেছে। এর আগে গত রোববার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা বাতিলে আন্তর্জাতিক সমপ্রদায়ের আহ্বানকে নাকচ করে দেয় উত্তর কোরিয়া। এরপর গতকাল দক্ষিণ কোরিয়া এ অভিযোগ করল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র পার্ক জিওং-হা বলেন, দক্ষিণ কোরিয়া মনে করে উত্তর কোরিয়ার তথাকথিত কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ পরিকল্পনার লক্ষ্য পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটানো। গত শুক্রবার উত্তর কোরিয়া ঘোষণা দেয়, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য তারা আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করবে। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো এটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হিসেবে দেখছে। উত্তর কোরিয়ার এ পরিকল্পনা গত মাসে ওয়াশিংটনের সঙ্গে করা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন এবং এর জন্য দেশটিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা মোকাবিলা করতে হতে পারে। আগামী এপ্রিলে উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের যে দিন ধার্য করেছে, প্রায় একই সময়ে দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম টু-সাংয়ের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এএফপি।