ক্ষেপণাস্ত্র পরীক্ষা পেছাল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় উপদ্বীপে অব্যাহত উত্তেজনার মধ্যে কোনো রকম উসকানি এড়াতে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (ব্যালিস্টিক মিসাইল) পরীক্ষা পিছিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত শনিবার এ তথ্য জানিয়েছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ বিমানঘাঁটির বাইরে মিনিটম্যান-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা ছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, কোরীয় উপদ্বীপে সংঘাতের আশঙ্কার এই সময়ে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভুল ব্যাখ্যা করতে পারে—এমন উদ্বেগের মুখে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মে পর্যন্ত তা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর শাস্তিস্বরূপ নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দুটিতে হামলা চালানোর একের পর এক হুমকি দিয়ে আসছে।যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে পিয়ংইয়ং। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে তারা বন্ধ পারমাণবিক স্থাপনা ইয়ংবিয়নের চুল্লি আবার চালুর ঘোষণা দিয়েছে।এ পরিস্থিতির মুখে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো রকম অপব্যাখ্যা বা এই পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হোক, তা চায় না যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলে আসছে, কোরিয়া উপদ্বীপে সংঘাতের আশঙ্কা আপাতত নেই।এদিকে কোরীয় উপদ্বীপ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। গতকাল রোববার তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার ভুল হিসাবের বিপদ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। হুমকি-ধমকি দিয়ে পিয়ংইয়ং সামরিক হামলার পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে শান্ত ও ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি।’হেগ বলেন, ‘আমি মনে করি না, শিগগিরই পিয়ংইয়ং থেকে আমাদের কূটনীতিকদের ফিরিয়ে আনার কোনো প্রয়োজন আছে। যদিও যুদ্ধ ছড়িয়ে পড়লে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং।’উল্লেখ্য, গত শুক্রবার উত্তর কোরিয়া সে দেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পিয়ংইয়ং ত্যাগের পরামর্শ দেয়। সফর বাতিল: দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ গতকাল ঘোষণা দিয়েছে, তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল জাং সিউং-জোর পূর্বঘোষিত ওয়াশিংটন সফর বাতিল করা হয়েছে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে পরবর্তী সময়সূচি ঠিক করা হবে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ তথ্য জানায়। বিবিসি।